জাতীয় প্রেসক্লাবে আওয়ামী লীগ ও বিএনপি-জামায়াত সমর্থক সাংবাদিকদের দ্বন্দ ক্রমেই বেড়ে চলছে। 

আজ (শনিবার) দুপুরে আওয়ামী লীগ সমর্থক নতুন কমিটির নেতারা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদের দরজা ভেঙ্গে প্রবেশ করতে চাইলে উভয় পক্ষের মধ্যে বাক বিতাণ্ডা দেখা দেয়। 

এ সময় নতুন কমিটির লোকজন জয় বাংলা বলে স্লোগান দিতে থাকেন।

তারা সৈয়দ আবদাল আহমদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ ও সাংবাদিক নেতা রুহুল আমীন গাজীর বিরুদ্ধেও স্লোগান দেয়।

এর আগে সকাল থেকেই আওয়ামী লীগ ও বিএনপি-জামায়াত সমর্থক সাংবাদিক নেতারা পৃথক পৃথক ফোরাম নিয়ে বৈঠক করেন।

এরপর বিকাল আড়াইটার দিকে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদের দরজার সামনে আসলে উভয় পক্ষই বাক-বিতন্ডায় জড়িয়ে পড়ে।

বিকেল চারটায় সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী, নতুন কমিটির সদস্য-নেতারা প্রেস ক্লাবের দ্বিতীয় তলায় এবং আগের কমিটির সদস্য-নেতারা ক্যান্টিনে অবস্থান করেছেন। 

এর আগে বৃহস্পতিবার (২৮ মে)  প্রেসক্লাবকে রাজাকারমুক্ত করার ঘোষণা দিয়ে আওয়ামী লীগ সমর্থক ও বিএনপির একাংশের প্রেসক্লাব সদস্যরা সাধারণ সভায় মিলিত হন।

দীর্ঘ আড়াই ঘণ্টার বৈঠক শেষে সেদিন ১৭ সদস্যের প্রেসক্লাবের একটি নতুন কমিটি ঘোষণা করা হয়। এরপর থেকেই এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়।

আগের কমিটির পক্ষে সাধারণ সম্পাদক নতুন ঘোষিত কমিটিকে অবৈধ আখ্যায়িত করে সংবাদপত্রে পাল্টা বিবৃতি পাঠান। রাত পর্যন্ত চলে উত্তেজনার রেশ। তারপর থেকেই মুখোমুখি অবস্থানে রয়েছেন প্রেসক্লাবের উভয়পক্ষের সদস্যরা। শনিবারও যার বহি:প্রকাশ ঘটে।

এমএইচ/এসএইচ