সাংবাদিক প্রবীর সিকদারের মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন বিক্ষুব্ধ সাংবাদিক সমাজ।

২৪ ঘন্টার মধ্যে তাকে মুক্তি না দিলে মঙ্গলবার বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবে সমাবেশ করে কঠোর কর্মসুচি দেয়া হবে বলে হুঁশিয়ারী দেয়া হয়েছে এ মানববন্ধন থেকে।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষুব্ধ সাংবাদিক সমাজের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

বক্তারা বলেন, প্রবীর শিকদার আগে থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছিলেন এবং রাষ্ট্রের কাছে নিরাপত্তাও চেয়েছিলেন। অথচ রাষ্ট্র নিরাপত্তা না দিয়ে উল্টো তাকেই আটক করে মামলা দিয়েছে।

প্রবীর সিকদারকে গ্রেপ্তার করে প্রশাসন তার সঙ্গে অন্যায় করেছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে তাকে মুক্তি দিতে হবে। নইলে আমরা যে আন্দোলনে যাব তার দায়ভার প্রধানমন্ত্রীকেই নিতে হবে।

এসময় প্রবীর সিকদারের স্ত্রী অনিকা সিকদার কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার স্বামীকে সুস্থ্যভাবে ফিরে পেতে চাই।

ছেলে সুপ্রিয় সিকদার এসময় প্রশাসন কর্তৃক বাবা প্রবীর সিকদারের আটকের বর্ণনা তুলে ধরেন।

মানববন্ধনে সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন, জাহাঙ্গীর আলম প্রধান, অমিয় ঘটক ‍পুলক, আশীষ কুমার দে, খায়রুজ্জামান কামাল, কুদ্দুস আফ্রাদসহ গণজাগরণ মঞ্চের কামাল পাশা, বাপ্পাদিত্ত বসু অঞ্জন রায় প্রমুখ।

এমএ/এসএইচ