দিগন্ত টেলিভিশনের ৬ষ্ঠ বর্ষপূর্তিতে সাময়িক সম্প্রচার নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদী সংহতি সম্মিলন শুরু হয়েছে। দেশবরেণ্য গুনীজন, সতীর্থ ও শুভানুধ্যায়ীরা সম্মেলনে যোগ দিয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করেছে চ্যানেলটির কর্তৃপক্ষ।

বক্তারা অভিযোগ করেছেন, সত্য ও সুন্দরের পক্ষে অঙ্গীকারাবদ্ধ দিগন্ত টেলিভিশনের চলার পথের প্রতিবন্ধকতা আজও অপসারিত হয়নি। সম্প্রচার নিষেধাজ্ঞার 'সাময়িক' প্রাচীর পনের মাস অতিক্রম করে আজও সত্য প্রচারের পথ অবরুদ্ধ করে দাঁড়িয়ে আছে।

তারা বলেন, সম্প্রচার নিষেধাজ্ঞার যে কালো মেঘ গত ৬ মে ২০১৩ দিগন্তকে ঢেকে দিয়েছিল তা আজ সারা দেশজুড়ে মহাপ্রলয়ের অশনি সংকেত হয়ে দেখা দিয়েছে। দেশের সকল গণমাধ্যম শৃঙ্খলিত হওয়ার আশঙ্কায় আজ শঙ্কিত।

উল্লেখ্য, ২০০৮ সালের ২৮ আগস্ট বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ-এর সুইচ অনের মধ্য দিয়ে দিগন্ত টেলিভিশন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর