রাজধানীর কাওরান বাজারে বিএসইসি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় বন্ধ হয়ে যাওয়ার চার ঘণ্টা পর সম্প্রচারে এসেছে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এনটিভি। তবে এখনো বন্ধে আছে আরটিভির সম্প্রচার।

শুক্রবার দুপুর পৌঁনে ১টার দিকে কারওয়ান বাজারের বিএসইসি ভবনের ১১ তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে চ্যানেল দু’টির সম্প্রচার বন্ধ হয়ে যায়। সন্ধ্যা ৫টার দিকে পুনরায় সম্প্রচারে ফিরে এনটিভি। তবে আপাতত চ্যানেল নাইনের সম্প্রচার সরঞ্জামাদি দিয়ে এনটিভির সম্প্রচার কাজ চলছে। তাই শুধু সংবাদ সম্প্রচার করা হচ্ছে।

এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট ফাহাদ  বলেন, ‘দর্শকদের কথা মাথায় রেখেই বিকল্প সম্প্রচার সরঞ্জামাদি দিয়ে আপাতত সম্প্রচার কাজ শুরু করা হয়েছে। এখন শুধু সংবাদ প্রচার করা হবে। আর সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ সব কিছু সম্প্রচার সম্ভব হবে।’

বিএসইসি ভবনের ১১ তলায় আমার দেশ পত্রিকা অফিসের স্টোররুমে শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট দু’ঘণ্টা চেষ্টা করে দুপুর পৌনে ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ভবনটির ৬ ও ৭ তলায় আরটিভি ও এনটিভির কার্যালয়। অগ্নিকাণ্ডের পরও দুপুর পৌনে একটা পর্যন্ত এনটিভির সম্প্রচার সচল ছিল। এরপর সম্প্রচার বন্ধ হয়ে যায়। অন্যদিকে অগ্নিকাণ্ডের পরপরই আরটিভির সম্প্রচার বন্ধ হলেও তারা এখনো সম্প্রচারে ফিরতে পারেনি।

জেআই