বন্ধ হয়ে গেল অর্থনীতি প্রতিদিন। রোববার সকালে দৈনিকটি বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ।এতে বেকার হয়ে গেলেন শতাধিক সাংবাদিক।
এর আগে গত ২৬ নভেম্বর পরিচালনা পর্ষদের সভায় পত্রিকাটি বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়। বন্ধের ঘোষণা দিয়ে টানানো নোটিশে বলা হয়েছে, আর্থিক অস্বচ্ছলতার কারণে পত্রিকাটির প্রকাশনা অব্যাহত রাখা সম্ভব হচ্ছে না।
নোটিশে আরো বলা হয়েছে, আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে নিয়মানুযায়ী সাংবাদিক-কর্মচারীদের যাবতীয় পাওনা বুঝিয়ে দেয়া হবে।
গত ২৬ নভেম্বরের পর অর্থনীতি প্রতিদিনের সাংবাদিকরা কর্তৃপক্ষের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন। সবশেষ শনিবার পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক আব্দুল হকের সঙ্গে ঢাকা সাংবাদিক ইউনিয়নের দুই গ্রুপের নেতারা বৈঠক করেন। তাদের পক্ষ থেকে পত্রিকাটি চালু রাখার অনুরোধ জানানো হয়। কিন্তু সম্পাদক অপারগতা প্রকাশ করেন।
প্রসঙ্গত, অর্থনীতি প্রতিদিন ২০১২ সালে ২ ডিসেম্বর বাজারে আসে। শুরু থেকেই নানা সংকটে চলছিল এর প্রকাশনা। গত কয়েক মাস আগে হঠাৎ করে পত্রিকাটির প্রকাশনা বন্ধ করে দিলেও পরে কর্মীদের চাপে পুনরায় চালু হয়। তবে সে সময় অনেককে ছাঁটাই করা হয়।
জেএ





