বরেণ্য সাংবাদিক ও জাতীয় প্রেসক্লাবের প্রবীণ সদস্য খোন্দকার আলী আশরাফ আর নেই| মঙ্গলবার বিকেলে রাজধানীর উত্তরার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ...... রাজেউন)|

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর| তিনি স্ত্রী, দুই ছেলে, আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন| দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন খোন্দকার আলী আশরাফ।

বুধবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে তার প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হবে| বাদ এশা উত্তরার ৫নং সেক্টর মসজিদে দ্বিতীয় নামাজে জানাযা শেষে মরহুমকে উত্তরার ১৪নং সেক্টরের গোরস্থানে দাফন করা হবে|

খোন্দকার আলী আশরাফ ১৯৩৬ সালের ২৭ জানুয়ারি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে জন্মগ্রহণ করেন| ১৯৫৭ সালে দৈনিক মিল্লাত পত্রিকায় সাংবাদিকতার মাধ্যমে তিনি সাংবাদিকতা পেশায় যোগদান করেন| তিনি দৈনিক পাকিস্তান, দৈনিক বাংলা, দৈনিক যুগান্তরসহ বিভিন্ন দৈনিক পত্রিকায় কাজ করেন|

দৈনিক বাংলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত তিনি এ পত্রিকার চিফ সাব এডিটর, ফিচার এডিটর ও সিনিয়র সহকারী সম্পাদক পদে দায়িত্ব পালন করেন|

ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ থেকে এমএ ডিগ্রি নিয়ে খোন্দকার আলী আশরাফ সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেয়ার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের খণ্ডকালীন শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন|

খোন্দকার আলী আশরাফের ইন্তেকালে জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটি গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে| জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ এক শোক বার্তায় বলেন, খোন্দাকার আলী আশরাফ ছিলেন সাংবাদিকতা জগতের এক অনন্য প্রতিষ্ঠান| তার নিষ্ঠা, সাধনা, আদর্শ ও পেশার প্রতি অঙ্গীকার তরুণ সাংবাদিকদের জন্য অনুসরণীয় হয়ে থাকবে|

জেএ