মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে আমার দেশ পরিবার শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে নবন্ধন করেন।

দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির জন্য প্রধান বিচারপতির হস্তক্ষেপ চেয়েছেন বিশিষ্ট লেখক ও সমাজচিন্তাবিদ ফরহাদ মজহার।

তিনি জানান, সব মামলায় জামিন হওয়ার পরও মাহমুদুর রহমানকে মুক্তি দিচ্ছে না সরকার।

তিনি বলেন, ‘আমরা এমন মানুষের মুক্তির দাবিতে মানবন্ধনে দাঁড়িয়েছি যিনি (মাহমুদুর রহমান) অনেক আগেই বলেছিলেন বাংলাদেশের বিচার ব্যবস্থা তা আফ্রিকার জঙ্গলের চেয়ে ভয়াবহ। আফ্রিকার জঙ্গলে যে বিধিবিধান নিয়ে জন্তু জানোয়াররা বসবাস করে বাংলাদেশের বিচার ব্যবস্থায় সেই বিধিবিধান নেই এদেশের শাসকগোষ্ঠী এমন অবস্থায় পৌছে দিয়েছে। এর পরিণতি অত্যন্ত অশুভ হবে।’

মাহমুদুর রহমানের মুক্তির জন্য তিনি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার হস্তক্ষেপ কামনা করে বলেন, ‘সমস্ত মামলায় যেহেতু তার জামিন হয়েছে, তাই জনগণের পক্ষ থেকে আপনাকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। আমরা আপনার হস্তক্ষেপ কামনা করছি।’

২০১৩ সালের এপ্রিলে আমার দেশ পত্রিকার কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয় মাহমুদুর রহমানকে। এরপর থেকে তিনি জেলেই আছেন।

ফরহাদ মজহার বলেন, ‘মাহমুদুর রহমানকে অবিলম্বে মুক্তি দিতে হবে। আর যদি এটাকে উপেক্ষা করা হয় বাংলাদেশ অত্যন্ত খারাপ পরিণতির দিকে যাবে। এতে মাহমুদুর রহমানের কিছুই হবে না, তার জনসমর্থন আরো বৃদ্ধি পাবে।

সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমি গাজী বলেন, দেশের বর্তমান বিচার অঙ্গনে ন্যায়বিচারের অনুপস্থিতের কারণে সমস্ত মামলায় জামিন হওয়া সত্ত্বেও মাহমুদুর রহমানের মুক্তি হচ্ছে না।

মানবন্ধনে আরো বক্তব্য রাখেন-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশের) মহাসচিব এম আবদুল্লাহ, সাবেক মহাসচিব এম এ আজিজ, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক কাদের গণি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম প্রমুখ।

এমই