সাংবাদিকতা পেশা এবং গণমাধ্যম সম্পর্কে ঔদ্ধ্যত্বপূর্ণ আচরণ ও হুমকি দাতা সরকারদলীয় সংসদ সদস্য শামিম ওসমানকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ।

সোমবার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি শওকত মাহমুদ, মহাসচিব এম এ আজিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি আবদুল হাই শিকদার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন,নারায়ণগঞ্জে সাম্প্রতিক হত্যাকাণ্ডের ঘটনায় শামিম ওসমানের বিরুদ্ধে জনপ্রতিনিধি ও এলাকাবাসী প্রকাশ্যে অভিযোগ করছেন। অথচ জাতীয় সংসদে প্রধানমন্ত্রী ওসমান পরিবারের দায়িত্ব নেয়ার ঘোষণা দেন। ফলে শামিম ওসমান আরও বেপরোয়া হয়ে উঠেছেন।

সাংবাদিকতা এবং গণমাধ্যম সম্পর্কে তার সাম্প্রতিক অরুচিকর ও ঔদ্ধ্যত্বপূর্ণ আচরণ তার প্রমাণ। তার লাগামহীন এসব বক্তব্য ও মন্তব্য ক্ষমতাসীনদের গণমাধ্যম-বিরোধী নীতির নগ্ন বহিঃপ্রকাশ। এ ধরনের আগ্রাসী বক্তব্য দেশের গণতন্ত্র ও মুক্ত গণমাধ্যমের বিরুদ্ধে চ্যালেঞ্জ বলে মনে করেন সাংবাদিক নেতারা।

শামিম ওসমানের এমন অশালীন ও ন্যক্কারজনক আচরণ ও বক্তব্য নতুন কিছু নয়। বরং এটা তার দীর্ঘদিনের অভ্যাস। পেশাজীবী সৎ ও সাহসী সাংবাদিক ও স্বাধীন গণমাধ্যম সম্পর্কে তার ধারাবাহিক বৈরী, রূঢ় আচরণ সব সীমা অতিক্রম করেছে। এসব বিষয় সাংবাদিক সমাজকে যারপরনাই আহত করেছে। আর পেশা হিসেবে সাংবাদিকতার অপূরণীয় ক্ষতি করেছে। যে জন্য তাকে বিচারের মুখোমুখি দাঁড় করানো সময়ের দাবি।

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, গডফাদার খ্যাত শামিম ওসমানের এসব গর্হিত ও নিম্মমানের অরুচিকর বক্তব্য স্বাধীন ও মুক্ত গণমাধ্যম বিরোধী।

ঢাকা,একে,৩০ জুন (টাইমনিউজবিডি.কম) // এআর