মৌলভীবাজার প্রেস ক্লাবে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) আয়োজিত সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। তিন দিনব্যাপী এ কর্মশালা বুধবার শুরু হয়। সার্টিফিকেট প্রদান ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শুক্রবার কর্মশালা শেষ হবে।

কর্মশালার দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকালে সংবাদপত্রের সূচনালগ্ন, আইনকানুন, পিআইবি গঠিত আইনকানুন, সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন পিআইবির মহাপরিচালক মো. শাহ আলমগীর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান আলী আর রাজী।

কর্মশালায় সংবাদের মৌলিক ধারণা, সংবাদের বিষয়বস্ত ও প্রকরণ, সংবাদ সূত্রের ধরন-প্রকরণ, সূত্র ব্যবস্থাপনা ও তথ্য সংগ্রহ কৌশল, সংবাদ লেখার কাঠামো, বিস্তারিত ধারণা, মফস্বলে টেলিভিশন সাংবাদিকতা, কর্মকৌশল ও সাংবাদিকদের প্রস্তুতি ইত্যাদি নিয়েও আলোচনা করা হয়।

কর্মশালায় জেলায় কর্মরত ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

পিআইবির মহাপরিচালক মো. শাহ আলমগীরের সভাপতিত্বে বুধবার কর্মশালার উদ্বোধন করেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী।

জেআই