চলতি বছরের প্রথমার্ধে অন্তত ৭১ জন সাংবাদিক হত্যার শিকার হয়েছেন।

২০১৫ সালের জানুয়ারি থেকে জুন— এই ছয় মাসে বিশ্বের ২৪টি দেশে এ সংখ্যক সাংবাদিক খুন হয়েছেন।

সাংবাদিকদের নিয়ে কাজ করে এমন একটি সংগঠন প্রেস এমব্লেম ক্যাম্পেইন (পিইসি) এ তথ্য প্রকাশ করেছে।

পিইসির বরাত দিয়ে এক প্রতিবেদনে বৃহস্পতিবার এ খবর দিয়েছে বার্তা সংস্থা সিনহুয়া।

খবরে বলা হয়, ২০১৪ সালের প্রথম ছয় মাসের তুলনায় এই হার শতকরা ৭ ভাগ বেশি।

পিইসির প্রতিবেদন অনুযায়ী, অন্তত ২৪ জন সাংবাদিক পরিকল্পিত সন্ত্রাসী হামলায় হত্যার শিকার হয়েছেন। এদের বেশিরভাগই ফ্রান্স, লিবিয়া ও ইরাকে নিহত হয়েছেন।

ইয়েমেন, লিবিয়া, ইরাক ও সিরিয়া এবং দক্ষিণ সুদান ও ইউক্রেনে যুদ্ধের খবর কাভার করতে গিয়ে প্রাণহানির শিকার হয়েছেন অন্তত ১৭ জন।

পিইসি জানিয়েছে, অপর ৩০ সাংবাদিক খুনের শিকার হয়েছেন লাতিন আমেরিকা, ফিলিপাইন ও ভারতে।

চলতি বছরের প্রথমার্ধ মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার সাংবাদিকদের জন্য ভয়াবহ ছিল। কেননা, সেই অঞ্চলে নিহত হয়েছেন সবচেয়ে বেশি, ২৩ সাংবাদিক।

পিইসি জানায়, লিবিয়ায় ৮, ইয়েমেনে ৬, ইরাকে ৬, সিরিয়ায় ২ ও গাজায় একজন সাংবাদিক নিহত হয়েছেন।

এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকা। সেখানে নিহত হয়েছেন ১৭ সাংবাদিক।

তৃতীয় অবস্থানে রয়েছে ইউরোপ, যেখানে নিহত হয়েছেন ১৩ সাংবাদিক। ১৯৯০ এর দশকের পর এতসংখ্যক সাংবাদিক খুন ইউরোপে এবারই প্রথম। ফ্রান্সের রাজধানী প্যারিসে চার্লি হেবদোয় হামলায় নিহত হন আট সাংবাদিক; ইউক্রেনে চার জন ও পোল্যান্ডে নিহত হয়েছেন এক সাংবাদিক।

সাংবাদিক খুনের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে আফ্রিকা। ওই অঞ্চলে এই ছয় মাসে নিহত হয়েছেন ৯ সাংবাদিক। এর মধ্যে ছয় জনই নিহত হয়েছেন দক্ষিণ সুদানে। এই ছয় জনের মধ্যে পাঁচজনকে একই সঙ্গে হত্যা করা হয়।

এর আগে এক প্রতিবেদনে পিইসি জানিয়েছিল, বিগত দশ বছরে সাংবাদিকদের জন্য ২০১৪ ছিল সবচেয়ে ভয়াবহতম বছর। ওই বছর ১৩৮ সাংবাদিক খুন হয়েছিলেন।

প্রসঙ্গত, ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয় পিইসি। এটি পরিচালিত হয় জেনেভা থেকে।

জেআই