বাংলাদেশ সংবাদ সংস্থার (বিএসএস) সাবেক প্রধান সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক জগ্‌লুল আহ্‌মেদ চৌধূরীর (৬৫) মৃত্যুর ঘটনায় কলাবাগান থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

রোববার বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান।

তিনি জানান, রোববার সকালে নিহতের ছেলে নাভিদ আহ্‌মেদ চৌধূরী ঘাতক বাস ও তার চালককে আসামি করে মামলা দায়ের করেন।

তিনি আরো জানান, ঘাতক বাস ও তার চালককে এখনও সনাক্ত করা যায়নি। এ ব্যাপারে পথচারী ও যাত্রীদের ও চালক ও বাস সম্পের্কে কোনো তথ্য জানা থাকলে নিচের ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানান তিনি।

শনিবার রাত ১০টার দিকে কারওয়ান বাজারে সড়ক দুর্ঘটনায় নিহত হন খ্যাতিমান সাংবাদিক জগ্‌লুল আহ্‌মেদ চৌধূরী।

যোগাযোগের ঠিকানা, মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগ (ডিএমপি), ৩৬ মিন্টো রোড, রমনা, মোবাইল নম্বর- ০১৭১৩৩৯৮৭৫৬, ০১৭১৩৩৯৮৭৫৭ অথবা অফিসার ইনচার্জ কলাবাগান থানা, মোবাইল নম্বর ০১৭১৩৩৯৮৩৩৯।

এদিকে জগ্‌লুল আহ্‌মেদ চৌধূরীর মৃত্যুর সংবাদ পেয়ে তার মেয়ে অন্তরা আহ্‌মেদ চৌধূরী গতকাল রাতেই যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা দিয়েছেন বলে তাদের পারিবারিক সূত্রে জানা গেছে।

জেএ