পথচলার ১৭ বছর পূর্ণ করে মঙ্গলবার ১৮ বছরে পদার্পণ করতে যাচ্ছে দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা।
‘
অবিরাম বাংলার মুখ’ স্লোগানকে বুকে ধারণ করে ১৯৯৭ সালের ১৫ জুলাই যাত্রা শুরু করে চ্যানেলটি। ওইদিন বিশ্বব্যপী বাংলা ভাষার প্রথম সম্প্রচার ঘটে চ্যানেলটির মাধ্যমে।
প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা ড. মাহফুজুর রহমান বাংলাদেশের সংস্কৃতি সারাবিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে দেন স্যাটেলাইটের মাধ্যমে।
১৯৯৯ সালের মে মাসে এনালগ থেকে ডিজিটালে রূপান্তরিত হয় এটিএন বাংলা। এরপর শুধুই এগিয়ে যাওয়ার গল্প। ১৬ আগস্ট ২০০১ সংবাদ, আর ২০০২-এর ১ অক্টোবর শুরু হয় ইংরেজি সংবাদ প্রচার। ২০০৩ সালে শুরু হয় প্রতি ঘণ্টার সংবাদ।
শুধু সংবাদ নয়, অনুষ্ঠান প্রচারেও এটিএন বাংলা নিজেকে এগিয়ে রেখেছে। বিনোদনের পাশাপাশি শিক্ষা, খেলাধুলা, সমাজ, সংস্কৃতি নিয়ে অনুষ্ঠান প্রচারের বিষয় বারবরই প্রাধান্য দিয়েছে। সব ধরনের অনুষ্ঠান প্রচারের ক্ষেত্রেই এটিএন বাংলা তার নিজস্বতা বজায় রেখেছে।
এটিএন বাংলার জনসংযোগ কর্মকর্তা নাসিরুল কবীর টুটুল বলেন, ‘এটিএন বাংলার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার ও মঙ্গলবার দুইদিনব্যাপী বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে।’
তিনি জানান, দীর্ঘ পথপরিক্রমায় এটিএন বাংলার অর্জন অনেক। এর মধ্যে উল্লেখযোগ্য হল ২০০৪ সালের ২২ নভেম্বর ‘আমরাও পারি’ অনুষ্ঠানের জন্য ছোট পর্দার অস্কারখ্যাত এমি অ্যাওয়ার্ড অর্জন। এশিয়া অঞ্চল থেকে আঞ্চলিক অ্যাওয়ার্ড, মীনা মিডিয়া অ্যাওয়ার্ড, বজলুর রহমান স্মৃতিপদক, এশিয়ান ব্রডকাস্টার অব দ্য ইয়ার-২০১২, ইউএনসিএ অ্যাওয়ার্ড ২০১২ ও ২০১৩ অর্জন করে এটিএন বাংলার অনুষ্ঠান। বাংলাদেশ ক্যাবল টিভি দর্শক ফোরাম পরিচালিত ‘টিভি দর্শক জরিপ’- এ নিরপেক্ষ সংবাদ প্রচারের জন্য বরাবরই শীর্ষস্থানে অবস্থান করেছে চ্যানেলটি।
বাংলাদেশের খেলাধুলাকে সার্বিক পৃষ্ঠপোষকতা দিতে এটিএন বাংলা বদ্ধপরিকর। ২০০৭ সালে বাংলাদেশের প্রথম পেশাদার ফুটবল লিগ সরাসরি সম্প্রচার করে চ্যানেলটি। এরই ধারাবাহিকতায় ‘পিসিএল টি২০ ক্রিকেট সিরিজ’, ‘এনসিএল ক্রিকেট টুর্নামেন্ট’, ‘সাফ উইমেন্স ফুটবল টুর্নামেন্ট’, সাউথ এশিয়ান গেমস এর ক্রিকেট খেলা, মহিলা বিশ্বকাপ ক্রিকেটের বাছাই পর্ব এবং দেশের ৪৮০০ স্কুলের অংশগ্রহণে জাতীয় স্কুল ফুটবল ও স্কুল হকি টুর্নামেন্ট সরাসরি সম্প্রচার করে এটিএন বাংলা। পাশাপাশি আয়োজন করছে এটিএন বাংলা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট।
এ বছর গুড উইল ভিজিটে আইভরি কোস্টে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন পরিদর্শন করেন এটিএন বাংলার চেয়ারম্যানের নেতৃত্বে প্রতিনিধি দল।
ঢাকা, ১৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





