দিগন্ত টিভি খুলে দেওয়ার দাবিতে যশোরে মানববন্ধন করা হয়। শহরের মুজিব সড়কে প্রেসক্লাব যশোরের সামনে দিগন্ত টিভি দর্শক ফোরাম বৃহস্পতিবার বিকালে এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর পৌরসভার মেয়র মারুফুল ইসলাম। দর্শক ফোরামের আহ্বায়ক বেনজীন খানের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তৃতা করেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য আনোয়ারুল কবীর নান্টু, প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি ফকির শওকত, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি নূর ইসলাম, সাধারণ সম্পাদক এম আইউব, সিনিয়র সাংবাদিক এস এম সোহেল, দিগন্ত টিভির স্টাফ রিপোর্টার তরিকুল ইসলাম তারেক প্রমুখ।
পৌরসভার মেয়র মারুফুল ইসলাম বলেন, ‘আমরা সত্য ও সুন্দরের পূজারী। সত্য কথা বলতে গিয়ে, আসল ঘটনা দেখাতে গিয়ে দিগন্ত টিভি সরকারের রোষানলে পড়েছে। এই সরকার কোনো ভিন্নমত সহ্য করতে পারছে না। কারণ এরা অগণতান্ত্রিক ও অবৈধ।’
মারুফুল ইসলাম দিগন্ত টিভি, দৈনিক আমার দেশ, ইসলামিক টিভি, চ্যানেল ওয়ানসহ বন্ধ মিডিয়া খুলে দেওয়া এবং সাহসী সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি দাবি করেন। তিনি দেশে ক্রমাগত সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব খুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং গণবিরোধী জাতীয় সম্প্রচার নীতিমালা প্রত্যাহারের দাবি জানান।
ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ





