অপসাংবাদিকতা রোধে অনলাইন পত্রিকার নিবন্ধন কার্যক্রম শুরু করেছে সরকার।  এখন থেকে নতুন কোনো অনলাইন পত্রিকা চালু করতে হলে সরকারের কাছ থেকে নিবন্ধন নিতে হবে।

বর্তমানে চালু আছে—এমন অনলাইন পত্রিকাগুলোকে নিবন্ধিত হতে হবে।  আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করে এ নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে।  

সোমবার তথ্য অধিদপ্তরের এক তথ্য বিবরণীতে এসব বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হয়েছে।

তথ্য বিবরণীতে বলা হয়, দেশের অনলাইন পত্রিকার প্রকাশকদের পত্রিকা প্রকাশের ক্ষেত্রে সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করা ও অপসাংবাদিকতা রোধ করার লক্ষ্যে সরকার অনলাইন পত্রিকা নিবন্ধন কার্যক্রম চালু করেছে।

এ লক্ষ্যে নির্ধারিত নিবন্ধন ফরম ও একটি প্রত্যয়নপত্র বা হলফনামা পূরণ করে তথ্য অধিদপ্তরে জমা দিতে হবে।  ফরম ও প্রত্যয়নপত্রের নমুনা তথ্য অধিদপ্তরের ওয়েবসাইটে (www.pressinform.portal.gov.bd)পাওয়া যাবে।  

নিবন্ধনের জন্য ফরম ও প্রত্যয়নপত্রের নমুনা সাময়িকভাবে তথ্য অধিদপ্তরের প্রটোকল শাখা থেকে সংগ্রহ করা যাবে।  জমা দেওয়া তথ্য যাচাই-বাছাই করে তথ্য অধিদপ্তর অনলাইন পত্রিকাটির নিবন্ধন করবে।

এ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শের জন্য তথ্য অধিদপ্তরের প্রটোকল শাখায় (ফোন নম্বর: ৯৫১৪০৬৫ অথবা ০১৭১৫২৫৫৭৬৫ নম্বরে) যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, তথ্য অধিদপ্তরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা (প্রটোকল) মো. শাহেনূর মিয়া বলেন, সরকার সব অনলাইন গণমাধ্যমকে একটি নিয়মের মধ্যে আনার উদ্যোগ নিয়েছে।  সব অনলাইন গণমাধ্যমে নির্ধারিত ফরমেটে আবেদন করে নিবন্ধন নিতে হবে।  নিবন্ধনপ্রাপ্ত অনলাইন গণমাধ্যমই কেবল অ্যাক্রিডিটেশন কার্ডের জন্য আবেদন করতে পারবে।

তথ্যমন্ত্রী এবং তথ্যসচিবের নির্দেশনা অনুযায়ীই তথ্য অধিদপ্তরকে অনলাইন পত্রিকাগুলোকে নতুন করে নিবন্ধনের আওতায় আনার দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

তিনি জানান, কোনো অনলাইন পত্রিকাকে নিবন্ধন দেওয়ার আগে পুলিশের বিশেষ বিভাগের কর্মকর্তরা ওই অনলাইন পত্রিকার অফিস পরিদর্শন করে মন্ত্রণালয়ে প্রতিবেদন দেবে।

তবে তথ্যবিরবরণীতে বিভিন্ন পত্রিকার অনলাইন ভার্সনের নতুন করে নিবন্ধের বিষয়ে কিছু বলা হয়নি।

শাহেনূর মিয়া জানান, এর আগে অ্যাক্রিডিটেশন কার্ড পাওয়া যেসব অনলাইন পত্রিকা নতুন করে নিবন্ধন পাবে না তাদের কার্ড বাতিল করা হবে।

পত্রিকার অনলাইন সংস্করণের বিষয়ে কিছু উল্লেখ না থাকলেও তথ্য সচিব মরতুজা আহমদ বলেন, দেশের পত্রিকাগুলোর অনলাইন সংস্করণের জন্যও নিবন্ধন করতে হবে।

কেবি