সাংবাদিকদের জন্য নবম ওয়েজ বোর্ড ঘোষণা করা না হলে ৩০ জুলাই ঢাকার সচিবালয় অবরোধ করা হবে বলে জানিয়েছেন সাংবাদিক নেতাদের একাংশ।

নবম ওয়েজ বোর্ড ঘোষণা, আইসিটি আইনের ৫৭ ধারা বাতিলের দাবিতে আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ফটকের সামনে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ। সেখান থেকে এ কর্মসূচি ঘোষণা করেন সাংবাদিক নেতারা।

দেড় ঘণ্টাব্যাপী এই বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি (বিএফইউজে) মনজুরুল আহসান বুলবুল। তিনি বলেন, নবম ওয়েজ বোর্ড করা নিয়ে বহু সমাবেশ করা হয়েছে। বহুবার এ নিয়ে কথা বলা হয়েছে। তবে তা বাস্তবায়ন হয়নি। ২৯ জুলাইয়ের মধ্যে এই দাবি মানা না হলে ৩০ জুলাই সকাল ১০টায় সাংবাদিক সমাজ সচিবালয় অবরোধ করবে।

মনজুরুল আহসান বুলবুল বলেন, ‘৩০ জুলাই ডিইউজে ও বিএফইউজে সচিবালয়ের সামনে অবস্থান করবে। ঢাকার বাইরে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, যশোরসহ সারা দেশে সাংবাদিক সমাজ সমাবেশ করবে। আমরা ঢাকার সচিবালয় অবরোধ করব। আমাদের দাবি একটাই, এই তথ্যমন্ত্রীকে বিদায় করতে হবে। এই তথ্যমন্ত্রী আমাদের সম্মান দেন না। তাই তাঁকে আমরা ক্ষমতায় দেখতে চাই না।’

বিক্ষোভ সমাবেশে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শাবান মাহমুদ বলেন, ২৯ জুলাইয়ের মধ্যে নবম ওয়েজ বোর্ড ঘোষণা না করা হয়, তথ্যমন্ত্রী যদি আন্তরিক না হন, সাংবাদিক সমাজ প্রেসক্লাব চত্বর দখলে রাখবে, অবরোধ করা হবে। প্রয়োজনে তথ্য মন্ত্রণালয়ে গিয়ে তথ্যমন্ত্রীকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হবে।

আইসিটি আইনের ৫৭ ধারা বাতিলের দাবি জানিয়ে মনজুরুল আহসান বুলবুল বলেন, ‘৫৭ ধারায় ঢাকা ও ঢাকার বাইরের সংবাদকর্মীরা আক্রান্ত হচ্ছেন। মতপ্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে এ আইনটি একটি ড্রাকুলিয়ান ল, কুখ্যাত আইন। তবে আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ করছি, মাননীয় তথ্য ও আইনমন্ত্রী এই আইনের পক্ষে অবস্থান করেছেন।’

বিক্ষোভ সমাবেশে বিএফইউজের মহাসচিব ওমর ফারুক, সাবেক মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী, ডিইউজের সহসভাপতি আতিকুর রহমান চৌধুরী প্রমুখ বক্তব্য দেন

এমই