দৈনিক ইনকিলাব পত্রিকার বার্তা সম্পাদক রবিউল্লাহ রবির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার বিকালে শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এসএম আশিকুর রহমানের আদালত।

এর আগে তথ্য যোগাযোগ প্রযুক্তি(আইসিটি) আইনে দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখিয়ে রবিউল্লাহ রবিকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক আজিজুর রহমান।

রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সংশ্লিষ্ট থানার জিআরও শেখ রকিবুর রহমান।

ওয়ারী থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার রবিউল্লাহ রবিসহ ৫ জনকে আসামি করে আইসিটি আইনে একটি মামলা করা হয়। সে মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

সোমবার ইনকিলাবে ‘প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে একচ্ছত্র আধিপত্য এক পুলিশ কর্মকর্তার’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ায় মামলাটি হয়। ধর্মীয় অনুভূতিতে আঘাত, প্রশাসনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা ও আইসিটি আইন লঙ্ঘনের অভিযোগে পুলিশ সদর দফতরে কর্মরত পুলিশের এআইজি প্রলয় কুমার জোয়ার্দার এ মামলা দায়ের করেন।

মামলায় ইনকিলাবের প্রকাশক ও সম্পাদক, বার্তা সম্পাদক, প্রধান প্রতিবেদক, নগর সম্পাদক ও সংশ্লিষ্ট প্রতিবেদককে আসামি করা হয়েছে।

মঙ্গলবার রাত পৌনে ১২টায় রাজধানীর আর কে মিশন রোডে ইনকিলাবের কার্যালয় থেকে রবিউল্লাহ রবিকে গ্রেফতার করে ডিবি পুলিশ। সে সময় ডিবি পুলিশ এসে বার্তাকক্ষের কম্পিউটার থেকে একটি নিউজের কপি প্রিন্ট করে এবং রবিউল্লাহ রবিকে গ্রেফতার করে নিয়ে যায়।

ঢাকা, ২০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ