পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সেদেশের বেসরকারি খাতের সবচেয়ে বড় সংবাদ-ভিত্তিক টিভি চ্যানেল জিও টিভি বন্ধ করে দিতে বলেছে।
এই টিভি চ্যানেলের অত্যন্ত সুপরিচিত সাংবাদিক হামিদ মীরের ওপর সাম্প্রতিক যে বন্দুক হামলা হয়েছে তার পেছনে পাকিস্তানের সেনা গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হাত রয়েছে বলে এক অভিযোগ প্রচারের পর ক্ষুব্ধ প্রতিরক্ষা মন্ত্রণালয় জিও টিভি বন্ধ করে দেওয়ার জন্য পাকিস্তানের মিডিয়া নিয়ন্ত্রকদের নির্দেশ দিয়েছে।
হামিদ মীরকে যেসব হুমকি দেওয়া হতো, তা নিয়ে তিনি তার সহকর্মীদের কাছে বহু ইমেইল পাঠিয়েছেন।
গত ফেব্রুয়ারি মাসে এ রকমই একটি ইমেইলে তিনি লিখছেন: "আমার কাছে পাকা খবর রয়েছে যে আইএসআই-এর মধ্যে কিছু লোক আমাকে মেরে ফেলার লক্ষ্যে সড়ক দুর্ঘটনা সাজানোর চেষ্টা করছে এবং বোমা হামলা চালানোর পরিকল্পনা করছে।"
ইমেইলগুলোতে হামিদ মীর জানান, পাকিস্তানের বেলুচিস্তানে বিচার বাহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে তিনি যেসব নিবন্ধ লিখেছেন সে কারণে ওই প্রদেশে কর্মরত আইএসআই কর্মকর্তারা নাখোশ হয়েছেন।
বালুচ বিচ্ছিন্নতাবাদীরা দীর্ঘদিন ধরে ওই প্রদেশের স্বাধীনতার জন্য লড়াই করছে এবং সেখানে মোতায়েন নিরাপত্তা সংস্থাগুলোর বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বহু অভিযোগ রয়েছে।
কিন্তু হামিদ মীর তার ইমেইলগুলোতে শুধুমাত্র সরকারি বাহিনীর তরফ থেকে হুমকির কথাই আলোচনা করেননি, তিনি একই সঙ্গে পাকিস্তানের তালেবান তাকে যেসব হুমকি দিয়েছে ইমেইলে তিনি সে প্রসঙ্গেও কথাবার্তা বলেছেন।
তিনি লিখেছেন ইদানিং বহু অচেনা লোকজন গোপনে তাকে অনুসরণ করছে। তবে হামিদ মীরের ওপর গুলি করার পর সেনাবহিনীর একজন মুখপাত্র এক বিবৃতিতে তার ওপর এই হামলার নিন্দা জানিয়েছেন এবং দ্রুত আরোগ্য কামনা করেছেন।
তিনি আরো বলেছেন আইএসআই-এর বিরুদ্ধে হামিদ মীরের ওপর হামলা চালানোর অভিযোগ দু:খজনক এবং বিভ্রান্তিকর। সূত্র: বিবিসি বাংলা[b]
ঢাকা, ২৩ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ
[/b]