সাংবাদিক নেতা শওকত মাহমুদকে হত্যার ষড়যন্ত্র আন্দোলনের মাধ্যমেই নস্যাৎ করা হবে বলে মন্তব্য করেছেন সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্ববায়ক রুহুল আমীন গাজী।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন(বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন(ডিইউজে) আয়োজিত ‘শওকত মাহমুদের মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবীতে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

শওকত মাহমুদকে নিয়ে সরকার নাটক সৃষ্টি করছে ‘উল্লেখ’ করে গাজী বলেন, তিনি তো কোন চোর ডাকাত নয়, তিনি সাংবাদিকদের অধিকার আদায়ের কথা বলেন, তাকে নিয়ে নাটক সৃষ্টি করে হত্যার ষড়যন্ত্র করলে আন্দোলনের মাধ্যমেই তা নস্যাৎ করা হবে।

সরকারের প্রতি আহ্ববান জানিয়ে তিনি বলেন, আমাদের ধৈর্য্যের সীমা আছে সেটা ভেদ করবেন না, আমাদের আন্দোলন কোন রক্ত চক্ষুকে ভয় করে না, কঠোর আন্দোলনের মাধ্যমেই তাকে মুক্ত করা হবে।

অবিলম্বে শওকত মাহমুদকে মুক্তি না দেয়া হলে সড়ক পথ ঘেরাও ও আমরণ অনসনের ও হুমকি দেন এই সাংবাদিক নেতা।

তিনি বলেন, 'অধিকাংশ মিডিয়া সরকারের পক্ষে কথা বললেও তাদের ভয়ের একটাই কারণ, তারা জনগনের ভোটে নির্বাচিত সরকার নয়।'

আইনশৃংখলা বাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন, শওকত মাহমুদকে রিমান্ডের নামে অশোভন আচরণ করা হলে সারা বাংলায় আগুন জ্বলে উঠবে। সেই আগুনে আপনাদেরকে ও পুড়তে হবে।

ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আনোয়ার কবির বুলুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন, সংগঠনের মহাসচিব এম এ আজিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, শাহীন হাসনাত প্রমুখ।

এমএ/এআই