বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান হরতাল এবং অবরোধের প্রতিবাদে সরকার সমর্থিত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে)উদ্যোগে সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার দুপুরে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচিতে বিএফইউজে এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।
বিএফইউজে নির্বাহী পরিষদ সদস্য কাজী রফিকের সভাপতিত্বে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক শফিকুর রহমান, বিএফইউজের (একাংশের) মহাসচিব আব্দুল জলিল ভুইয়া, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল ও যুগ্ম-মহাসচিব সাইফুল ইসলাম তালুকদার, ডিইউজের (একাংশের) সভাপতি আলতাফ মাহামুদ ও সাধারন সম্পাদক কুদ্দুস আফ্রাদ, ডিআরইউর সাবেক সভাপতি শাহেদ চৌধুরী, ডিইউজে সাংগঠনিক সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, মুফদি আহমদ প্রমুখ।
মানববন্ধনে ওই সাংবাদিক নেতারা বলেন, ‘রাজনৈতিক কর্মসূচির নামে সারাদেশে পেট্রোলবোমা নিক্ষেপ করে মানুষ হত্যা করা হচ্ছে। সহিংস কর্মকান্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে।’
তারা বলেন, রাজনৈতিক কর্মসুচির নামে সন্ত্রাস কারো কাম্য নয়। সহিংসতাকারীরা সমাজের শত্রু, গনতন্ত্রের শত্রু। এরা দেশ ও জনগনের বন্ধু নয়। নাশকতার বিরুদ্ধে সমাজের সকল শ্রেনী পেশার মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে হবে।
এদিকে রাজধানীর বাইরেও সরকার সমথির্ত চট্রগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে), কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন, নারায়নগঞ্জ সাংবাদিক ইউনিয়ন, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন, বগুড়া সাংবাদিক ইউনিয়ন, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন, দিনাজপুর সাংবাদিক ইউনিয়ন, যশোর সাংবাদিক ইউনিয়নে এবং খূলনা সাংবাদিক ইউনিয়ন পৃথকভাবে মানববন্ধন কর্মসূচি করেছে।
একে





