ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি ও দৈনিক সমকালের নগর সম্পাদক শাহেদ চৌধুরীকে অপহরণের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। রাজধানীর বিজয় সরণী এলাকায় রবিবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
অপহরণে ব্যর্থ হয়ে শাহেদ চৌধুরীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ঘটনাটি আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।
এ প্রসঙ্গে শাহেদ চৌধুরী জানান, রবিবার সন্ধ্যা ৬টার দিকে তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে মাইক্রোবাসে গুলশানে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ইফতার পার্টিতে যাচ্ছিলেন। গাড়িটি বিজয় সরণী মোড়ে পৌঁছালে সিগন্যালে আটকা পড়ে। সিগন্যাল ছাড়ার সঙ্গে সঙ্গেই সাদা রঙের একটি গাড়ি তাকে বহনকারী গাড়ির গতিরোধ করে। এরপর গাড়ি থেকে দুই যুবক নেমে তাকে মাইক্রোবাস থেকে টেনে-হিঁচড়ে নামানোর চেষ্টা করে।
তিনি আরও জানান, ওই যুবকদের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। এ সময় তিনি হাতে আঘাত পান। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে এগিয়ে এলে অপহরণকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
তারা চলে যাওয়ার সময় হুমকি দেয়, ‘এবার বেঁচে গেলি, দেখি তুই ঢাকায় কিভাবে বেঁচে থাকস’ জানান ডিআরইউ সভাপতি।
ঢাকা, ৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





