‘নতুন আঙ্গিকে সত্যের পথে’ এই স্লোগান নিয়ে দেশের আকাশ সংস্কৃতির জগতে নতুন মাত্রা ছড়িয়ে দিতে অনলাইন ভিক্তিক টেলিভিশন চ্যানেল ‘নতুন সময় ডট টিভি’র যাত্রা শুরু হলো।
শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেঞ্জ লাউঞ্জে স্বাধীন বাংলা মিডিয়া লিমিটেডের এ টেলিভিশনটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন সংসদ সদস্য ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেগম পিনু খান।
এখন থেকে অনলাইনে সহজেই দেশ-বিদেশের দর্শক শ্রোতা এক ক্লিকেই উপভোগ করতে পারবেন নতুন সময় ডট টিভির সংবাদসহ নানা বিনোদন ও শিক্ষামূলক অনুষ্ঠানমালা। টেলিভিশনটি দেখার জন্য দর্শক-শ্রোতাদেরকে www.natunsomoy.tv - ভিজিট করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে বেগম পিনু খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের ভিশন ২০২১ এবং ডিজিটাল বাংলাদেশ গড়তে নতুন সময় ডট টিভি নতুন মাত্রা যোগ করবে। আশা করছি তারা সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড, জনগণের কল্যাণ ও শিক্ষামূলক বিষয়গুলোকে প্রচার করবে। নতুন সময়ের জন্য শুভকামনা রইলো।
বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় বলেন, দেশকে পরিবর্তন করতে হলে সবার আগে নিজেদেরকে পরিবর্তন করতে হবে। সরকারকে সহযোগিতা ও জনগণের কল্যাণে পরিবর্তনের এই বার্তা নিয়ে নতুন সময় সবসময় পাশে থাকবে এটাই প্রত্যাশা।
বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক সভাপতি মোস্তফা জব্বার বলেন, দেশকে এখনো পুরোপুরি ডিজিটাল করা সম্ভব হয়নি। এখনো সচিবালয়ের ফাইলগুলো কাগজে সই করা হয়। তাই দেশকে পুরোপুরি ডিজিটাল করতে সবার সহযোগিতা কাম্য। যে ধারণার উপর ভিক্তি করে এই আইপি টেলিভিশনটির যাত্রা শুরু হলো তা যথাযথ ভাবে বাস্তবায়নের মাধ্যমে দেশ ও জনগণের আশা-আকাঙ্খা পূরণ করবে নতুন সময় ডট টিভি এই কামনা।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাধীন বাংলা মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ ইকরাম। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শওগাত হোসেন বাবলু। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন- মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইয়াসমিন হোসেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মীর আহমেদ মিরু। এছাড়া বিভিন্ন গণমাধ্যমের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এএইচ





