গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফর উল্লাহ চৌধুরী বলেছেন, মামলা, হামলা আর র‌্যাব পুলিশ দিয়ে সাংবাদিকদের কণ্ঠরোধ করা যায় না। ক্ষমতার পালা বদল একদিন হবে। সেদিন এধরনের প্রতিশোধ মূলক আচরনের প্রত্যাশা আমরা কামনা করি না।

তিনি আক্ষেপ করে বলেন, শওকত মাহমুদের মত একজন মেধাবী সাংবাদিক নেতাকে কথা বলতে না দেয়াটাই সরকারের অগণতান্ত্রিক আচরনের বহিপ্রকাশ। তিনি সরকার এবং বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে সহনশীল আচরনের অনুরোধ জানান।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ও জাতীয়   প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলার প্রতিবাদে আয়োজিত সাংবাদিকদের সমাবেশে সংহতি জানাতে এসে তিনি এ কথা বলেন।

বিএফইউজের সহ সভাপতি এম আবদুল্লাহর সভাপতিত্বে এ সমাবেশে আরো বক্তব্য রাখেন,সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক ও সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, বিএফইউজের মহাসচিব এম এ আজিজ, সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি আবদুল হাই শিকদার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান,জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, যুগ্ম সম্পাদাক কাদের গনি প্রমুখ।

রুহুল আমিন গাজী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যে মুহুর্তে পুত্রের মৃত্যুতে শোকাহত। ঠিক সে মুহুর্তে একটি দালাল চক্র বেগম জিয়া এবং সাংবাদিকনেতা শওকত মাহমুদসহ জাতীয় নেতাদের বিরুদ্ধে বাসে পেট্রল বোমা হামলার হুকুমের আসামি করা হয়েছে।

তিনি বলেন, এ ধরনের নোংরামী আর দালালি করে কেউ রেহাই পাবে না। সময় মতো এর জবাব দেয়া হবে। সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে এ ষড়যন্ত্র মূলক মামলা থেকে শওকত মাহমুদের নাম প্রত্যাহার করতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ এই নিয়ে দেশজুড়ে আন্দেলনে নামতে বাধ্য হবে বলে বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

মহাসচিব এম এ আজিজ বলেন, সাংবাদিক নেতা শওকত মাহমুদকে একের পর এক মিথ্যা মামলায় জড়িয়ে সরকার গণমাধ্যমের কণ্ঠরোধ করতে চায়। তিনি আগামী ৪৮ ঘন্টার মধ্যে শওকত মাহমুদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।

আবদুল হাই শিকদার বলেন, সাংবাদিক নেতা শওকত মাহমুদকে উদ্দেশ্য মূলকভাবে জড়ানো হয়েছে। তিনি বলেন, শওকত মাহমুদ একজন শান্ত স্বাভাবের সাংবাদিক নেতা। খ্যাতিমান টিভি টক শো’র বক্তা।

শওকত মাহমুদ সবসময় সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলন,গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতা এবং সাগর-রুনির হত্যার ন্যায় বিচারের দাবীতে সোচ্চার রয়েছেন। তার উচ্চকণ্ঠকে স্তব্ধ করার জন্যই পরিকল্পিত ভাবে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে।

সমাবেশ শেষে সাংবাদিক নেতারা জাতীয় প্রেসক্লাব এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন।

একে/ এমকে