logo
Search

জাতীয়

র‍্যাব বিলুপ্ত, সংসদে এসআরবি বিল পাশ

র‍্যাব বিলুপ্ত করে নতুন করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, নতুন বাহিনীটির সঙ্গে র‍্যাবের কোনো সংস্পর্শ থাকবে না।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ নিয়ে আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

র‍্যাব বিলুপ্তির সিদ্ধান্ত

বিরোধী দলের নোট অব ডিসেন্টের জবাব দিতে গিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, র‍্যাব বিলুপ্ত করা সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের অঙ্গীকারের অংশ। সব পক্ষের দাবির পরিপ্রেক্ষিতেই র‍্যাব বিলুপ্ত করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, বিলটি পাসে দেরি হলে র‍্যাবের অস্তিত্ব বহাল থাকবে। তাই র‍্যাব বিলুপ্তির সিদ্ধান্ত দ্রুত কার্যকর করা প্রয়োজন।

আলোচনার সুযোগ ছিল

বিলটি নিয়ে পর্যাপ্ত আলোচনা হয়নি—বিরোধী দলের এমন অভিযোগের জবাবে মন্ত্রী বলেন, বিলটি সংসদে উত্থাপনের আগে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দীর্ঘ সময়ের জন্য প্রকাশ করা হয়েছিল। পরে সংসদে উত্থাপনের পরও চার-পাঁচ কার্যদিবস আলোচনা হয়েছে এবং স্থায়ী কমিটিতেও বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে।

বাইরের বিভিন্ন অংশীজনের মতামতও নেওয়া হয়েছে বলে জানান তিনি।

র‍্যাবের সম্পদ যাবে এসআরবিতে

র‍্যাবের অস্ত্র, সরঞ্জাম, গোয়েন্দা সরঞ্জাম ও অন্যান্য রাষ্ট্রীয় সম্পদ নতুন বাহিনীতে হস্তান্তরের বিষয়ে মন্ত্রী বলেন, এসব সম্পদ নষ্ট বা পরিত্যক্ত না করে রাষ্ট্রের স্বার্থে সংরক্ষণ করতে হবে।

তার ভাষ্য, নতুন সংস্থা গঠন করা হলে পুরোনো রাষ্ট্রীয় সম্পদ থাকা সত্ত্বেও নতুন করে সবকিছু কেনার প্রয়োজন নেই। তাই প্রয়োজন অনুযায়ী এসব সম্পদ নতুন বাহিনীতে হস্তান্তর করা হবে।

তিনি বলেন, র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সাংগঠনিক সংযোগ নেই। র‍্যাব বিলুপ্ত হওয়ার পর নতুন একটি ব্যাটালিয়ন গঠন করা হবে, যার নাম হবে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

অভিযোগ ও জবাবদিহি প্রসঙ্গ

এসআরবির বিরুদ্ধে অভিযোগ তদন্তের কাঠামো নিয়েও সংসদে প্রশ্ন ওঠে। এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিলের ধারা ২৪-এ অভিযোগ প্রতিকার কমিটির বিধান রাখা হয়েছে। তবে কোনো সদস্য অপরাধ করলে সেটি আলাদা আইনি প্রক্রিয়ার আওতায় পড়বে।

তিনি বলেন, গ্রেফতারের পর আসামিকে আইন অনুযায়ী অবিলম্বে নিকটস্থ থানায় নেওয়া হবে। এ ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি) অনুসরণ করা হবে।

সাইবার অপরাধ মোকাবিলায় নতুন ইউনিট

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমানে বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে সাইবার স্পেসের সম্পৃক্ততা বাড়ছে। এ কারণে সাইবার অপরাধ মোকাবিলায় নতুন ইউনিট গঠনের পরিকল্পনাও রয়েছে।

তিনি বলেন, আধুনিক অপরাধ মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

সংসদে আলোচনার পর ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ নিয়ে বিরোধী দলের বিভিন্ন আপত্তির জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

এস