গণমাধ্যমে বাংলা ভাষার বিকৃত উচ্চারণ ও অন্য ভাষার মিশ্রণ রোধে একটি কমিটি গঠন করেছে তথ্য মন্ত্রণালয়। সর্বত্র বাংলা ভাষার ব্যবহারে উচ্চ আদালতের নির্দেশনার পর বৃহস্পতিবার সচিবালয়ে ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর তথ্যসচিব মরতুজা আহমদ সাংবাদিকদের এতথ্য জানান।
তবে কার নেতৃত্বে বা কত সদস্যের এই কমিটি করা হয়েছে সে বিষয়ে কিছু বলেননি তিনি।
মরতুজা বলেন, বাংলা ভাষার দূষণ ও বিকৃত উচ্চারণরোধে গণমাধ্যমগুলো নিজ নিজ ক্ষেত্র থেকে পদক্ষেপ নেবে বলে সভায় সিদ্ধান্ত হয়েছে। সকল দেশের ভাষা সমৃদ্ধ হয়েছে অন্য দেশের ভাষায়। তবে অহেতুক অপ্রয়োজনে বাংলা ভাষার সাথে অন্য ভাষার মিশ্রণ করা যাবে না।
বাংলা ভাষার ব্যবহার, বিকৃত উচ্চারণরোধ ও ইংরেজি বিজ্ঞাপন প্রচার রোধে প্রতিটি গণমাধ্যমের একজনকে দায়িত্ব দেয়া হবে বলেও জানান তথ্য সচিব। বৈঠকে ইলেকট্রনিক গণমাধ্যমের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ২৯ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]