শিশুসাহিত্যিক, ছড়াকার ও সাংবাদিক ওবায়দুল গনি চন্দনের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। শনিবার বাদ জোহর গুলশানে দৈনিক মানবকণ্ঠ পত্রিকার কার্যালয়ে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
এসময় মরহুমের জানাজায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল ও সাধারণ সম্পাদক আব্দুল জলিল ভূইয়া, মানবকণ্ঠ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আবু বকর চৌধুরী, জাস্ট নিউজ সম্পাদক ও টিভি ব্যক্তিত্ব মুশফিকুল ফজল আনসারী, সহকর্মীবৃন্দসহ সাংবাদিক, লেখক ও বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। কর্মস্থলে লাশ এসে পৌঁছালে এক বেদনাবিদুর পরিবেশের সৃষ্টি হয়।
পরে চন্দনের মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকা রিপোর্টাস ইউনিটিতে (ডিআরইউ)। সেখানে বেলা পৌনে তিনটায় তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে উপস্থিত সাংবাদিক সহ-কর্মীরা তার কফিনে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
নামাজে জানাজায় ডিআরইউ সভাপতি শাহেদ চৌধুরী, সাধারণ-সম্পাদক শফিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মোরসালিন নোমানী, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সভাপতি (একাংশ) আলতাফ মাহমুদ, সাধারণ সম্পাদক কুদ্দুস আশ্রাফসহ সাংবাদিক, বুদ্ধিজীবি, লেখক ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।
এরপর তার লাশ মিরপুরের শহীদ বুদ্ধিজীবী করবস্থানে নিয়ে যাওয়া হয়। জানাজার আনুষ্ঠানিকতা এবং শ্রদ্ধা নিবেদনের পর ওবায়দুল কবির চন্দনকে সেখানে দাফন করা হবে।
শনিবার বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন ছড়াকার ওবায়দুল গনি চন্দন । ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। এরপর হাসপাতাল থেকে তার মরদেহ কর্মস্থল মানবকণ্ঠ অফিসে নিয়ে যাওয়া হয়।
ঢাকা, ১৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





