দৈনিক নয়া দিগন্তের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়েছে।
নয়া দিগন্তের বোর্ড রুমে সোমবার বেলা ১১টায় সভাপতির স্বাগত বক্তৃতার মধ্য দিয়ে শুরু হয় এ অনুষ্ঠান।
দিগন্ত মিডিয়া কর্পোরেশনের চেয়ারম্যান শিব্বির মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন পরিচালক খন্দকার এনায়েত হোসেন, টেকনিক্যাল ডিরেক্টর এ.কে. এম আবদুল মালেক, নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, দিগন্ত মিডিয়া কর্পোরেশনের নির্বাহী পরিচালক আবদুস সাদেক ভুইয়া, নয়া দিগন্তের ভারপ্রাপ্ত সম্পাদক মো: সালাউদ্দিন বাবর, ডেপুটি এডিটর মাসুমুর রহমান খলিলী।
ডিএমসিএলের ব্যবস্থাপনা পরিচালক কাজী হারুন-অর-রশিদ অনলাইনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
এছাড়া বক্তৃতা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল ইব্রাহীম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুকমল বড়ুয়া, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম আবদুল্লাহ, মহাসচিব নুরুল আমিন রোকন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখও বক্তব্য রাখেন।
জ্ঞানী-গুণীদের উপস্থিতি আমাদেরকে উজ্জীবিত করেছে : শিব্বির মাহমুদ
অনুষ্ঠানে দিগন্ত মিডিয়া কর্পোরেশনের চেয়ারম্যান শিব্বির মাহমুদ বলেন, উপস্থিত জ্ঞানী-গুণী, সিনিয়র সাংবাদিক, বিশিষ্ট কলামিস্ট তাদের উপস্থিতি আমাদেরকে অত্যন্ত উজ্জীবিত করেছে।
তিনি বলেন, আমি শুরুতেই আমাদের এখান থেকে কিছু দিন আগে গোলাপ মুনির সাহেব ইন্তেকাল করেছেন তার রুহের মাগফেরাত কামনা করছি।
এর স্বল্প সময় আগে আমাদের সাবেক চেয়ারম্যান শাহ আবদুল হান্নান ইন্তেকাল করেছেন যিনি খুব সুন্দর বক্তব্য দিতেন। তার শিশুসুলভ ব্যবহার আমাদেরকে জাগ্রত রাখত।
তিনি বহু দিন আমাদের চেয়ারম্যান ছিলেন এবং বহু সার্ভিস এই নয়া দিগন্ত পরিবারকে দিয়েছেন।
শিব্বির মাহমুদ বলেন, আমি এখানে ঢুকার সময় দেখলাম যে ইত্তেফাক ভবনের এখানে সূর্য একটু স্থিমিত হয়ে আছে। আলোর প্রসার কম ঘটেছে।
কারণ প্রত্যেক দিন সূর্য আল্লাহর আরশের নিচে এসে তার অনুমতি নিয়েই চলাচল করে।
আমাদের এখানে অনেক গুণীর সমাবেশ হবে ও গুণীর আলোয় আলোকিত হয়ে সবাই আলোকিত হবে তাই মনে হয় এখানে আলো ছটাক কমিয়ে দিয়েছে।
এ সময় আগত অতিথি ও নয়া দিগন্তের সকল কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান তিনি।
উল্লেখ্য, নয়া দিগন্ত আজ ১৮ বছরে পদার্পণ করল। ২০০৪ সালে ‘সত্যের সঙ্গে প্রতিদিন’ এই স্লোগান ধারণ করে সম্পূর্ণ নতুন আঙ্গিক ও কলেবর নিয়ে আত্মপ্রকাশ করেছিল নয়া দিগন্ত।
দেড় যুগ পাড়ি দেয়ার এই শুভক্ষণে আমরা মহান আল্লাহর শোকরগোজার করছি। ধন্যবাদ জ্ঞাপন করছি পত্রিকার অগণিত পাঠক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতা, এজেন্টসহ সবাইকে।
যারা আমাদের পাশে থেকে সব সময় উৎসাহ ও সাহস জুগিয়েছেন তাদেরকে নয়া দিগন্ত পরিবারের পক্ষ থেকে আবারো ধন্যবাদ।
এইচএন





