যশোরে ১৬ জুন সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আয়োজিত সাংবাদিক সমাবেশে বক্তারা বলেছেন, সাংবাদিকরা দেশে ৭৫ এর চেয়েও চরম কঠিন দু:সময় পার করছেন।

প্রতিনিয়ত প্রাণ ভয় এবং আতঙ্ক বিরাজ করছে এই পেশার মানুষদের মধ্যে। সত্য ঘটনা ও দুর্নীতির বিরুদ্ধে লিখলেই হামলা মামলা হুমকি ধামকির শিকার হতে হচ্ছে।

এমন কি সাগর-রুনীর মত অসংখ্য সাংবাদিক হত্যার শিকার হলেও তার কোন বিচার নেই। মাহমুদুর রহমান, আব্দুস সালাম মোসাদ্দেক আলীর মত মিডিয়ার সম্পাদক এবং মালিকদের কারাগারে ঢোকানো হচ্ছে। এই পরিস্থিতিতে সাংবাদিকদের জীবন বাঁচাতে কৌশলী হওয়া ছাড়া কোন উপায় নেই।

আজ মঙ্গলবার বেলা ১২ টায় প্রেসক্লাব যশোর মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন যশোর আয়োজিত সমাবেশে এসব কথা বলেন সাংবাদিক নেতৃবৃন্দ।

সংগঠনের সভাপতি নূর ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাহী কমিটির সদস্য ও যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু।

বিশেষ অতিথির বক্তৃতা করেন বিএফইউজে’র সাবেক সহ-সভাপতি ও সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ফকির শওকত।

বক্তারা আরো বলেন, ৭৫ -এ চারটি পত্রিকা বাদে সব কয়টি প্রত্রিকা বন্ধ করে দিয়ে হাজার হাজার সাংবাদিকদের বেকার করে পথে বসিয়েছিল তৎকালিন বাকশালী সরকার। কিন্তু সেই কাজটি বর্তমানে ভিন্ন কৌশলে সম্পন্ন করা হচ্ছে। এখন একদিকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও জাতীয়তাবাদের স্বপক্ষের মিডিয়া গুলো একের পর বন্ধ করা হয়েছে।

অন্যদিকে বিশেষ একটি মহলের মদদপুষ্টদের দ্বারা পরিচালিত মিডিয়া বাড়ানো হলেও তাতে আসল তথ্য তুলে ধরা হচ্ছে না। প্রকৃত ঘটনা আড়াল করে তথ্য উপস্থাপন করা হচ্ছে। এতে বিভ্রান্তিতে আছেন দেশের জনগণ। শুধু তাই নয় দেশের গণতন্ত্রের প্রতিক ঐতিহ্যবাহী জাতীয় প্রেসক্লাবটিও দখলদাররা সম্পূর্ণ অবৈধভাবে দখল করে নিয়েছে।

দেশের মানুষের যেমন মত প্রকাশের স্বাধীনতা নেই। তেমনি সংবাদপত্রেরও স্বাধীনতা হরণ করা হয়েছে। ৭৫-এ সাংবাদিকরা সংবাদপত্র না থাকায় লিখতে না পেরে অন্তর্জালায় ভুগতেন। কিন্তু এখন বহু সংবাদপত্র থাকলেও তাতে ঘটনা সঠিকভাবে লিখতে না পেরে যেমন অন্তর্জালায় ভুগছেন তেমনি খুন, গুম হামলা মামলা জেল জুলুমের ভয়ে আছেন। এ অবস্থার উত্তরণ অবশ্যই একদিন হবে। সেদিন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে বলেও জানান সাংবাদিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে ধন্যবাদ বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এম. আইউব। উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোস্তফা রুহুল কুদ্দুস, প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য আব্দুল্লাহ হুসাইনসহ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আয়োজক সংগঠনের দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম তারেক।

এসএইচ