তথ্য অধিকার আইন সম্পর্কে সম্যক ধারনা লাভের মাধ্যমে অবাধ তথ্য প্রবাহের ধারা অব্যাহত রাখা গেলে নাগরিক অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব বলে মন্তব্য করেন অধ্যাপক গোলাম রহমান।

শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ’র সাগর-রুনী মিলনায়তনে তথ্য অধিকার আইন, ২০০৯’ বিষয়ে সাংবাদিকদের এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন।

ডিআরইউ’র সহ-সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে আজ দ্বিতীয় ব্যাচের কর্মশালার সূচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিআরইউ’র প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক মো. সাজ্জাদ হোসেন। বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. গোলাম রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব আব্দুল জলিল ভূইয়া ও তথ্য কমিশনের পরিচালক (গবেষণা, প্রকাশনা ও প্রশিক্ষণ) সাইফুল্লাহিল আজম ও প্রশিক্ষণ উপ-কমিটির সদস্য সচিব মাহফুজা জেসমিন।

আলোচকগণ বলেন, সমাজের তৃণমূল পর্যায়ে প্রান্তিক মানুষ থেকে শুরু করে সকল পর্যায়ের মানুষকে নিজের তথ্য পাওয়ার অধিকার সম্পর্কে সচেতন করার ক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাই সাংবাদিকদের নিয়ে তথ্য অধিকার আইন বিষয়ে এই প্রশিক্ষণ কর্মশালা অত্যন্ত ফলপ্রসু হবে বলে তারা মনে করেন।

ডিআরইউ’র উদ্যোগে ধারাবাহিক আয়োজনের দ্বিতীয় ব্যাচের এ কর্মশালায় বিভিন্ন গণমাধ্যমের ৫০ জন সাংবাদিক অংশ নেন।

এদিকে ডিআরইউ প্রশিক্ষণ কর্মকর্তা জানান, তথ্য মন্ত্রণালয় ও তথ্য কমিশনের সহায়তায় ডিআরইউ তার সদস্যদের মধ্যে থেকে দ্বিতীয় পর্যায়ে প্রতি ব্যাচে ৫০ জন করে পর্যায়ক্রমে ৫শ’ জনকে ‘তথ্য অধিকার আইন-২০০৯’ বিষয়ে জানাতে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। এর আগে গত বছর প্রথম পর্যায়ে ডিআরইউ’র সদস্য ৫শ’জন সাংবাদিককে এই কর্মশালার আওতায় আনা হয়েছিল।

গত ২২ আগস্ট থেকে দ্বিতীয় পর্যায়ের কর্মশালা শুরু হয়ে এ পর্যন্ত ১শ’ জন গণমাধ্যমকর্মী এই কর্মশালায় অংশ নেয়। আগামী সপ্তাহে তৃতীয় ব্যাচের কর্মশালা অনুষ্ঠিত হবে।

ঢাকা,একে,২৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম,এসআর