ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি শাহেদ চৌধুরীকে অপহরণ চেষ্টা ও প্রাণনাশের হুমকির ঘটনায় জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন সাংবাদিকরা নেতারা।

অন্যথায় সারাদেশের সাংবাদিকদের নিয়ে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানিয়েছেন তারা।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ডিআরইউ আয়োজিত প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন সাংবাদিক নেতারা।

সাংবাদিকরা নেতারা বলেন, গত কয়েক বছরে সারাদেশে সাগর-রুনিসহ ২৪ জন সাংবাদিক খুন হয়েছেন। আহত ও নির্যাতনের শিকার হয়েছেন অনেকে। এই ঘটনা তারই ইঙ্গিত বহন করে।

তারা বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে যদি জড়িতদের গ্রেফতার করা না হয় তবে সন্দেহের তীর সরকারের দিকেই উঠবে।

রোববার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বিজয় সরণি মোড়ে শাহেদ চৌধুরীকে অপহরণের চেষ্টা চালায় দুর্বৃত্তরা। এতে ব্যর্থ হয়ে তাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়।

সমাবেশের আগে প্রেসক্লাবের সামনের রাস্তা অবরোধের কারণে ওই সড়কে প্রায় ২০ মিনিট যান চলাচল বন্ধ থাকে। পরে জ্যেষ্ঠ সাংবাদিকদের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয়া হয়।

ডিআরইউ সাধারণ সম্পাদক ইলিয়াস খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী, বর্তমান সভাপতি শওকত মাহমুদ, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, বর্তমান সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন একাংশের সভাপতি কবি আব্দুল হাই শিকদার এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ।

ঢাকা. ৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ