বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র দ্বি-বার্ষিক কাউন্সিল ও কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আগামীকাল ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

সকাল ১০টায় সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশন মিলনায়তনে অনুষ্ঠেয় কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। একই দিন দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। পুরানা পল্টনস্থ বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে ভোট গ্রহণ করবেন সিনিয়র সাংবাদিক কায়কোবাদ মিলনের নেতৃত্বাধীন ৫সদস্যের নির্বাচন কমিশন।

বিএফইউজে’র ভারপ্রাপ্ত সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব এম এ আজিজ দ্বি-বার্ষিক কাউন্সিলে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সকল সদস্য ও সারাদেশের ফেডারেশনের অপর ৯টি অঙ্গ ইউনিয়ন থেকে নির্বাচিত কাউন্সিলরদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করে ফেডারেশনের নতুন কমিটি নির্বাচনেরও আহবান জানিয়েছেন।

উল্লেখ্য বিএফইউজে’র কার্যনির্বাহী পরিষদের ১৯টি পদের মধ্যে ১৮টি পদে নির্বাচন হচ্ছে। সভাপতি পদে একক প্রার্থী হিসেবে ইতোমধ্যেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় পুনঃনির্বাচিত হয়েছেন কারাবন্দী বর্তমান সভাপতি শওকত মাহমুদ। গত ১১ ডিসেম্বর চ’ড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।

এমএ