ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে প্রতিদ্বন্দ্ব প্রার্থীদের ঘুম নেই।  আর মাত্র ৩ দিন পর  ৩০ নভেম্বর ডিআরইউ’র কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। আর ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে বার্ষিক সাধারণ সভা। ইতোমধ্যে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে।

জানা যায়,  সাংবাদিক কমিউনিটিতে নির্বাচন নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পক্ষে-বিপক্ষেও ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে। প্রার্থীরা ভোটারদের আকৃষ্ট করার জন্য দফায় দফায় মোবাইল ও ই-মেইলে এসএমএস পাঠাচ্ছেন। ভোট চাচ্ছেন টেলিফোনেও। প্রার্থীদের ছবিসহ রঙ-বেরঙ এর কার্ড দিয়ে প্রচারণা চালাচ্ছেন। এবারই সভাপতি ও সাধারণ সম্পাদক পদে রেকর্ড সংখ্যক (৪ জন) প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া ছুটে যাচ্ছেন ভোটারদের কর্মস্থল, ডিআরইউ, জাতীয় প্রেসক্লাব, শাহবাগ, কারওয়ানবাজার, ঢাকা মেডিকেল ও আড্ডাস্থলে। হাজির হচ্ছেন বাসা বাড়িতেও।

এবার ডিআরইউর ২০ সদস্যের কার্যকরী কমিটির নির্বাচনে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ১ হাজার ৩০৩ জন।

৭টি সম্পাদকীয় পদে একক প্রার্থী থাকায় এবং একটি পদে কোনো প্রার্থী না থাকায় ৮টি পদে নির্বাচন হচ্ছে না। তবে কার্যকরী সদস্যের ৭টি পদে মাত্র ৭ জন প্রার্থী থাকায় তারা নির্বাচিত হলেও ক্রমিক নম্বরের জন্য কার্যকরী সদস্য পদে ভোট গ্রহণ করা হবে।

সভাপতি পদে ৪ প্রার্থী: সাবেক সভাপতি দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাখাওয়াত  হোসেন বাদশা, সাবেক সাধারণ সম্পাদক ৭১ টেলিভিশনের চিফ এ্যাসাইনমেন্ট এডিটর মনির  হোসেন লিটন, সাবেক সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি জামাল উদ্দীন এবং সাবেক সহ-সভাপতি দৈনিক সকালের খবরের জ্যেষ্ঠ প্রতিবেদক আজমল হক হেলাল।

সাধারণ সম্পাদক পদে ৪ প্রার্থী: দেশ টিভির. নজরুল কবীর ও ইন্ডিপেন্ডেন্ট টিভির. ইলিয়াস হোসেন, সাবেক সাংস্কৃতিক সম্পাদক যুগান্তরের সিনিয়র প্রতিবেদক শফিউল আলম রাজা এবং বিবিসি বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রাকিব হাসনাত সুমন।

সহ-সভাপতি পদে ২ প্রার্থী: সহ-সভাপতি পদে (বর্তমান কমিটির ভিপি) ইন্ডিপেন্ডেট পত্রিকার সিনিয়র প্রতিবেদক রফিকুল ইসলাম আজাদ ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সহ-সভাপতি সাব্বির মাহমুদ।

যুগ্ম-সম্পাদক পদে  ২ প্রার্থী: যুগ্ম সম্পাদক পদে জিটিভির সহকারী বার্তা সম্পাদক সালাম ফারুক ও ডেইলি স্টারের প্রতিবেদক ফেরদাউস মোবারক।

সাংগঠনিক সম্পাদক পদে ২ প্রার্থী: সাংগঠনিক সম্পাদক পদে ডেইলি সানের শওকত আলী খান লিথো ও আলোকিত বাংলাদেশের রিয়াজ চৌধুরী।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ২ প্রার্থী: প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সৈয়দ সোহরাব ও নয়া দিগন্তের মঈন উদ্দীন খান।

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন; অর্থ সম্পাদক পদে নয়া দিগন্তের সিনিয়র প্রতিবেদক আশরাফুল ইসলাম। দফতর সম্পাদক পদে অনলাইন দৈনিক প্রাইম নিউজের সিনিয়র প্রতিবেদক মেহ্দি আজাদ মাসুম। নারীবিষয়ক সম্পাদক পদে জনকন্ঠের সিনিয়র প্রতিবেদক আইরিন নিয়াজী মান্না। বর্তমান সাংস্কৃতিক সম্পাদক আজিজুল পারভেজ, বর্তমান ক্রীড়া সম্পাদক বদরুল আলম চৌধুরী খোকন এবং আপ্যায়ন সম্পাদক পদে আমিনুল হক ভূঁইয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

কার্যকরী কমিটির নির্বাচিত ৭ সদস্য হলেন- দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমের সাজিদা ইসলাম পারুল, এবিসি রেডিওর শাহনাজ শারমিন, ঢাকা টাইমসের হাবিবুর রহমান, মানব কণ্ঠের হরলাল রায় সাগর, আরটিভির ফারুক খান, ওসমান গনি বাবুল ও সংগ্রামের কামাল উদ্দিন সুমন।

একে, জেএ