বাংলাদেশের প্রথম উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের প্রেস সচিব, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক সৈয়দ শাহজাহান ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (২৮ এপ্রিল) বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

গত ২৩ এপ্রিল থেকে রাজধানীর উত্তরার ক্রিসেন্ট হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন সৈয়দ শাহজাহান। তার স্ত্রী সৈয়দা জাহানারা শেফালী জানান, গত ২২ এপ্রিল অসুস্থ বোধ করলে তার নমুনা পরীক্ষা করা হয়। পরে তার করোনা পজিটিভ আসে। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়।

জানা গেছে, বুধবার দুপুরের পর থেকে তার অবস্থার অবনতি ঘটে। বিকালে অক্সিজেন লেবেল একেবারে কমে যাওয়ায় লাইফ সাপোর্ট খুলে দিয়ে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ জামালপুরের গ্রামের বাড়িতে দাফন করার কথা।

সৈয়দ শাহজাহান দৈনিক ইত্তেফাকে প্রায় ৪৫ বছর সাংবাদিকতা করেন। প্রধান প্রতিবেদক, শিফট ইনচার্জসহ বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেন। তিনি কচি-কাঁচার আসরের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গেও তার বেশ ঘনিষ্ঠতা ছিল।