পেট্রোবাংলার চেয়ারম্যান ড. মো. হুসাইন মনসুরের বিরুদ্ধে মানহানিকর প্রতিবেদন প্রকাশ করার অভিযোগ এনে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে যুগান্তর পত্রিকা বরাবর লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে প্রকাশিত প্রতিবেদনের বিপরীতে ক্ষমা চেয়ে সংবাদ প্রকাশের জন্যও ওই নোটিশে উল্লেখ করা হয়েছে।
মঙ্গলবার পেট্রোবাংলার চেয়ারম্যানের পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার আশরাফ উদ্দিন ভূইয়া ডাকযোগে এ নোটিশ পাঠান।
দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল ইসলাম, প্রকাশক সালমা ইসলাম, প্রকাশিত প্রতিবেদনটির প্রতিবেদক এবং যমুনা প্রিন্টিং ও পাবলিসিং লিমিটেডের চেয়ারম্যান অথবা ব্যবস্থাপনা পরিচালক বরাবর নোটিশটি পাঠানো হয়েছে।
গত বছরের ২৭ ও ২৮ নভেম্বর এবং ১, ২, ৩, ৪ ও ১২ ডিসেম্বর যুগান্তর পত্রিকায় সাতটি প্রতিবেদন প্রকাশ করা হয়। ওইসব প্রতিবেদনে পেট্রোবাংলার চেয়ারম্যান একজন দুর্নীতিগ্রস্ত এবং তিনি অবৈধ ও বেআইনিভাবে পেট্রোবাংলা থেকে প্রচুর অর্থ উপার্জন করেছেন বলে উল্লেখ করা হয়। যা সম্পূর্ণ মিথ্যা ও মানহানিকর বলে নোটিশে বলা হয়।
নোটিশে আরও উল্লেখ করা হয়, গত বছরের ৮, ১২ ও ১৫ ডিসেম্বর যুগান্তরকে ওইসব প্রতিবেদন প্রকাশ করা থেকে বিরত থাকতে চিঠি দেন পেট্রোবাংলার চেয়ারম্যান। কিন্তু তারা বিরত হননি।
নোটিশটি হাতে পাওয়ার তিন দিনের মধ্যে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে এবং প্রকাশিত প্রতিবেদনের জন্য ক্ষমা চেয়ে সংবাদ প্রকাশ করতে বলা হয়েছে। অন্যথায় আদালতের মাধ্যমে যুগান্তরের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে নোটিশে।
ঢাকা, ১৮ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই