শুক্রবার(১০/০২/২০১৭)  বিকাল চারটায় শিশুকল্যাণ পরিষদ ভবনে ‘নতুন এক মাত্রা’ সাহিত্য পত্রিকার উদ্যোগে ‘বাংলাদেশের ছোটগল্প: সাম্প্রতিক প্রবণতা’ শীর্ষক এক সাহিত্য সংলাপ অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন প্রজন্মের গল্পকারগণ উপস্থিত থেকে সমকালীন গল্পসাহিত্য নিয়ে নানা মাত্রিক আলোচনা করেন।

সংলাপে গল্পকাররা বাংলাদেশের সমকালীন গল্পের বাঁক, পালাবদল, চড়াই-উৎরাই, সংকট, সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

তারা মনে করেন, সাম্প্রতিক জীবন, সমাজ, সংস্কৃতির ভাঙচুর, রূপান্তর আমাদের গল্পে সেভাবে উঠে আসছে না।

কথাশিল্পী হাসনাত আবদুল হাই বলেন: আমাদের গল্পসাহিত্য বহু দূর এগিয়েছে, সমৃদ্ধ ইতিহাস আছে, সমকালীন গল্প নানা সংকটে জর্জরিত। এখন সৃজনের ও মননের সমন্বয়ে নতুন ভাব ও আঙ্গিকে লিখতে হবে।

 

গল্পকার মুহম্মদ মহিউদ্দিনের সঞ্চালনায় সংলাপে অংশগ্রহণ করেন নতুন এক মাত্রার সম্পাদক কবি আল মুজাহিদী, কথাশিল্পী হাসনাত আবদুল হাই, কথাশিল্পী নুরুল করিম নাসিম, কথাসাহিত্যিক রোকেয়া ইসলাম, গবেষক ড. রবিউল হাসান, কথাশিল্পী নাজিব ওয়াদুদ, কথাশিল্পী তানবীর মহম্মদ, কথাকার হামিদ রায়হান, গল্পকার তাসরিক-ই হাবীব, গল্পকার শাদমান শাহিদ এবং তরুণ গল্পকার সাফি উল্লাহ, সাইফ আলি, সীমান্ত আকরাম, আলাউদ্দিন আদর, রায়ান নূর, মিসবাহ মুকুল, মুহসিনুদ্দীন তাজ, মুঈনুদ্দী জসিম প্রমুখ।

নির্বাহী সম্পাদক কবি ড. ফজলুল হক তুহিন স্বাগত বক্তব্য রাখেন ও সমাপনী বক্তব্যে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সম্পাদক কবি আল মুজাহিদীর কথার মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

ওয়াহিদ/জারিফ