জাতীয় প্রেসক্লাবের সদস্যপদ বঞ্চিত সাংবাদিক ফোরাম পূর্ব নির্ধারিত অনশন কর্মসূচি পালন করেছে। পেশাদার সাংবাদিকদের জাতীয় প্রেসক্লাবের সদস্যপদ দেওয়ার দাবিতে জাতীয় প্রেসক্লাবের ভেতরে তারা এ কর্মসূচি পালন করে।
অনশন চলাকালে ১৫ জুলাইয়ের মধ্যে সদস্যপদ দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছেন প্রেসক্লাব কর্তৃপক্ষ। এমন আশ্বাস পেয়ে পরে অনশন স্থগিত করা হয়।
রোববার ১১টার দিকে ‘বন্ধ দরজা খুলে দাও’ লেখা ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সদস্যপদ বঞ্চিত সাংবাদিক ফোরাম এ অনশন কর্মসূচি শুরু করেন।
অনশনে অংশ নেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) একাংশের সাবেক সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, বিএফইউজে একাংশের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুলসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এদিকে, অনশন চলাকালে সাংবাদিক নেতা শাবান মাহমুদ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদের সঙ্গে বৈঠকে বসেন। এসময় ১ মাসের মধ্যে নতুন সদস্য পদ দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে বলে আশ্বাস দেওয়া হয়।
প্রেসক্লাব কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের কারণে আন্দোলন কর্মসূচিও ১ মাসের জন্য স্থগিতের ঘোষণা দেওয়া হয়।
ঢাকা,আইএম, ১৫ জুন (টাইমনিউজবিডি.কম)// এসএইচ