বিশিষ্ট কলামিস্ট ড. রেজোয়ান সিদ্দিকী বলেছেন, দেশের স্বাধীনতা আজ বিপন্ন। আমাদের দেশের সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞতি প্রকাশ করা হয় প্রতিবেশী দেশের সাইটে। ভারত আমাদের দেশকে অঙ্গরাজ্য বানানোর ষড়যন্ত্র করছে। আর সহযোগিতা করছে শাসক গোষ্ঠী।
বৃহস্পতিবার রাজধানীর সুপ্রীমকোর্ট বার এসোসিয়েশন মিলনায়তনে বাংলাদেশ জার্নালিষ্ট ওয়েলফেয়ার ফোরাম-বিজেডব্লিউএফ আয়োজিত ইফতার মাহফিলে ইফতার পূর্ব এক আলোচনায় তিনি একথা বলেন।
ড. সিদ্দিকী বলেন, অত্যাচারী শাসকদের বিরুদ্ধে প্রতিবাদ না করলে আল্লাহ সে জাতির জন্য আরও অত্যাচারী শাসক পাঠান। তাতেও প্রতিবাদ করতে ব্যর্থ হলে আল্লাহ সে জাতির উপর গজব নাযিল করেন।
অনুষ্ঠানে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রফেসর ড. মতিউল ইসলাম বলেন, আমরা যাতে সিয়াম সাধনার মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারি সে জন্যই সিয়াম আমাদের উপর ফরজ করা হয়েছে।
তিনি হযরত আলী (রা.) থেকে উদ্ধৃত করে তাওয়ার ব্যাখ্যা দিয়ে বলেন, জীবনের সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করা, আল্লাহর আদেশ ও নিষেধ যথাযথভাবে মান্য করা, কুরআনের সুন্নাহর আলোকে জীবন গড়া, অল্পে তুষ্ট থাকা এবং কিয়ামতের জন্য নিজেকে প্রস্তুত করার নামই হচ্ছে প্রকৃত তাকওয়া। তিনি তাওকায়াভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সকলকে অগ্রণী ভূমিকা পালনের আহবান জানান।
পিআইবির সাবেক চেয়ারম্যান ও দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ড. রেজোয়ান সিদ্দিকীর সভাপতিত্বে ও বিজেডব্লিউএফ এর সদস্য সচিব শহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন সদ্য কারামুক্ত সাংবাদিক নেতা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদ।
আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট কলামিষ্ট মোবায়েদুর রহমান, বিএফইউজে মহাসচিব এম আব্দুল্লাহ, বিএফইউজে এর সাবেক মহাসচিব এম এ আজিজ, সহ-সভাপতি মামসুদ্দিন হারুন, মুন্সী আবদুল মান্নান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আব্দুল হাই শিকদার, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সাংবাদিক মহিউদ্দিন খান মোহন, ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি একেএম মহসিন, সাধারণ সম্পাদক মীর আহমেদ মীরু, সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট সাইফুর রহমান, ডিইউজের সহ-সভাপতি সৈয়দ আলী আফসার, কোষাধ্যক্ষ শহীদুল ইসলাম, যুগ্ম সম্পাদক শাহীন হাসনাত, সাপ্তাহিক সোনার বাংলার বার্তা সম্পাদক ফেরদৌস আহমদ ভূঁইয়া, ডিইউজে দৈনিক আমার দেশ ইউনিট প্রধান বাছির জামাল, রিপোটার্স ফোরামের সাধারণ সম্পাদক দিদারুল আলম, ডিআরইউ এর সাবেক সাংগঠনিক সম্পাদক মুরসালিন নোমানী প্রমুখ।
মতিউল ইসলাম বলেন, দুনিয়ায় শান্তি ও আখেরাতে মুক্তির জন্য তাকওয়ার গুণাবলী অর্জনের কোন বিকল্প নেই। আর যে ব্যক্তি তাকওয়ার গুণাবলী অর্জন করবেন তিনি দুনিয়া ও আখেরাতে সুসংবাদ প্রাপ্ত হবেন, আল্লাহ তাকে দ্বীন বোঝার জ্ঞান দান করবেন।
তিনি হক ও বাতিলের পার্থক্য বুঝতে সক্ষম হবেন, গোনাহ মাফের সুসংবাদপ্রাপ্ত হবেন, দুনিয়ার সকল কাজ তার জন্য সহজতর হবে, দুশ্চিন্তা থেকে মুক্তি লাভ করবেন, সম্মানিত হবেন, ভালবাসা অর্জন করবেন, জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তি লাভ করবেন। তাই রমজানের প্রকৃত শিক্ষা কাজে লাগিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। তিনি কুরআন সুন্নাহর আদর্শেও আলোকে সকলকে জীবন গঠনের আহবান জানান।
শওকত মাহমুদ তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, তাকওয়া ছাড়া বেঁচে থাকা অর্থহীন। তাই রমজানের শিক্ষা অনুসরণে জীবন গড়তে হবে। তিনি মাওলানা মতিউর রহমান নিজামীর গ্রন্থের উদ্ধৃতি দিয়ে বলেন, শ্রষ্টার ইবাদাত ও সৃষ্টির সেবাই প্রকৃত তাকওয়া। তাই আল্লাহ ভীতির মাধ্যমেই জীবন গঠনের মধ্যেই রয়েছে কল্যাণ।
কেবি/এমআইএস





