যমুনা নিউজ টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক জাহাঙ্গীর আলম জনিকে জেলহাজতে প্রেরণ করেছেন আদালত।

বৃহস্পতিবার বিকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আনোয়ার সাদাত এ আদেশ দেন।

রমনা থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম আজাদ আসামির রিমান্ড শেষে আদালতে হাজির করে তাকে জেলহাজতে পাঠানোর আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করলে আদালত আবেদন নাকচ করেন।

গত ১৫ ডিসেম্বর আদালত তাকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ১১ ডিসেম্বর তাকে দুই দিনের রিমান্ড দিয়েছিলেন আদালত।

যমুনা নিউজ টুয়েন্টিফোর ডটকম ‘ধ্বংস হচ্ছে এসএ টিভি’ শিরোনামের সংবাদ প্রকাশ করায় এসএ টিভির সমন্বয়ক হাসান মঞ্জুর ৪ ডিসেম্বর রমনা থানায় জনির বিরুদ্ধে মামলা দায়ের করেন। তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।

গত ৯ ডিসেম্বর মগবাজারে যমুনা নিউজ টুয়েন্টিফোর ডটকমের কার্যালয় থেকে জনিকে আটক করা হয়। এরপর তাকে তথ্যপ্রযুক্তি আইনে গ্রেফতার দেখিয়ে ১১ ডিসেম্বর আদালতে আনা হয়।

কেএইচ