বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের জন্য অনুসরণীয় বিজ্ঞাপন নীতিমালা নেই জানিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘তাই সম্প্রতি কতিপয় বেসরকারি টিভি চ্যানেল বিভিন্ন প্রকার রোগের গ্যারান্টিসহ চিকিৎসা ও চটকদার বিজ্ঞাপন প্রচার করছে।’
জাতীয় সংসদের বাজেট অধিবেশনে চট্টগ্রাম-১১ সংসদ সদস্য এম আবদুল লতিফের এক লিখিত প্রশ্নের উত্তরে বৃহস্পতিবার সংসদে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বর্তমানে জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪ প্রণয়নের কাজ প্রায় চূড়ান্ত। এ নীতিমালা প্রণীত হলে জনস্বার্থের জন্য হানিকর তথা প্রচারমূলক বিজ্ঞাপন প্রচারে অধিকতর বিধি-নিষেধ আরোপ সম্ভব হবে।’
তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ টেলিভিশনের বিজ্ঞাপন নীতিমালা থাকলেও বেসকারি চ্যানেলগুলোর তা নাই। জাতীয় ওষুধ নীতিমালা অনুযায়ী স্বাস্থ্য বিষয়বলীর ক্ষেত্রে বাণিজ্যিক বিজ্ঞাপনের মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত না করার জন্য সুনির্দিষ্ট বিধি-নিষেধ রয়েছে। তথ্য মন্ত্রণালয় হতেও অবৈধ পণ্য/ওষুধ বিপণন বিষয়ে বিজ্ঞাপন প্রচার না করার জন্য বেসরকারি টিভি চ্যানেলগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম সানজিদা খানমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিগত অর্থবছরে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর কর্তৃক প্রকাশিত ক্রোড়পত্র হইতে সরকার ২ শতাংশ সার্ভিস চার্জ বাবদ ১২ লাখ ৩৩ হাজার ৭৩৭.৬৩ টাকা আদায় করেছে। এ ছাড়া বাংলাদেশ টেলিভিশন বিগত ২০১২-১৩ অর্থবছরে বিজ্ঞাপন খাতে করসহ মোট ১০২ কোটি ৬৭ লাখ ৮৭ হাজার ৮১৪ টাকা আয় করেছে।
ঢাকা, ১২ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





