রাজধানীতে ছিনতাইয়ের কবলে পড়ে গুরুতর আহত হয়েছেন ‘বিবিসি বাংলা প্রবাহ’ টেলিভিশন অনুষ্ঠানের উপস্থাপিকা শারমিন রমা।
গত বুধবার সন্ধ্যায় লালমাটিয়ায় ইফতারের দাওয়াত শেষে ধানমন্ডির বাসায় ফেরার পথে সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের কাছে তিনি ছিনতাইয়ের শিকার হন।
শারমিন রমা জানান, তিনি তার মেয়েকে নিয়ে রিকশায় চড়ে বাসায় যাচ্ছিলেন। এ সময় পাশ থেকে দুই মোটরসাইকেল আরোহী হাত ব্যাগ ধরে টান দেয়। ব্যাগের ফিতা হাতের সঙ্গে প্যাঁচানো থাকায় তিনি রিকশা থেকে ছিটকে পড়েন। এ অবস্থায় ছিনতাইকারীরা তাকে টেনেহিঁচড়ে বেশ কিছু দূর নিয়ে যায়। এক পর্যায়ে ব্যাগের ফিতা ছিঁড়ে দিলে তিনি গড়াগড়ি খেয়ে রাস্তার একপাশে চলে যান।
এ সময় তার মেয়ে রিকশা থেকে নেমে পেছন পেছন দৌঁড়ে যায়। শারমিন রমা বলেন, এ পুরো ঘটনাটা আমার ও আমার বাচ্চার জন্য ভযঙ্কর একটা অভিজ্ঞতা।
আমার বাচ্চা এত বেশি হতভম্ব হয়ে পড়ে যে সে অনেকক্ষণ ধরে কোনো কথাই বলতে পারছিল না। শরীরে ডান দিকটা থেঁতলে গেছে বলেও জানান তিনি।
এফএফ





