বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী।
সোমবার সকাল ১০টায় ডিআরইউ প্রাঙ্গনে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করেন সংগঠনের সভাপতি শাহেদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক ইলিয়াস খান। এরপর বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের সাবেক ও বর্তমান নেতারা।
সকাল সাড়ে ১০টায় ডিআরইউ চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে তোপখানা রোড ঘুরে আবার সংগঠন প্রাঙ্গণে এসে শেষ হয়। সাড়ে ১১টায় সাগর-রুনী মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।
এছাড়া, দুপুর ১টায় ডিআরইউ ক্যান্টিনে স্বল্পমূল্যে উন্নত মানের খাবার পরিবেশন করা হবে।
রাজধানী ঢাকায় সকল গণমাধ্যমে কর্মরত রিপোর্টারদের অধিকার আদায়, পেশাগত উন্নতি আর মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৯৫ সালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) জন্ম। সংবাদপত্র, সংবাদ সংস্থা ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত রিপোর্টারদের প্রতিনিধিত্বকারী একমাত্র সংগঠন ডিআরইউ। সংগঠনের বর্তমান সদস্য সংখ্যা ১৩৫১।
ডিআরইউ’র প্রধান কাজ হচ্ছে কর্মরত রিপোর্টারদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রতিভা বিকাশ, পেশাগত মান উন্নয়ন, মর্যাদা প্রতিষ্ঠা, স্বার্থরক্ষা, বস্তুনিষ্ঠ ও সুস্থ সাংবাদিকতার বিকাশে সদস্যদের জন্য কল্যাণমূলক এবং প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণের পাশাপাশি বাস্তবায়ন করা।
১৯ বছরের পথপরিক্রমায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি এখন জাতীয় পর্যায়ে একটি মর্যাদা সম্পন্ন প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সকল মহলে ডিআরইউর সুনাম সুবিদিত। মত ও পথের পার্থক্য ঘুচিয়ে গণতান্ত্রিক চেতনা ধারণ করে সকল সদস্যের ঐকান্তিক প্রচেষ্টায় বিস্তৃত হচ্ছে ডিআরইউর কর্মকাণ্ড।
[b]ঢাকা, ২৬ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]