ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি স্টার’-এর সম্পাদক মাহ্ফুজ আনামের বিরুদ্ধে সোমবার আরও ১৭টি মামলা হয়েছে। এ নিয়ে মাহ্ফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে পাঁচটি নালিশি মামলাসহ মোট ৩৫টি মামলা হলো।

এই নতুন ১৭ মামলা করা হয় সুনামগঞ্জ, নীলফামারী, রংপুর, রাজশাহী, সিলেট, টাঙ্গাইল, লক্ষ্মীপুর, পঞ্চগড়, মহেশখালী (কক্সবাজার), কুষ্টিয়া, কুমিল্লা, ঠাকুরগাঁও, চাঁপাইনবাবগঞ্জ, খাগড়াছড়ি, মৌলভীবাজার, নাটোর ও কুড়িগ্রামে।

এর আগে রোববার (১৪ই ফেব্রুয়ারি ২০১৬)মাহ্ফুজ আনামের বিরুদ্ধে ১৩টি মামলা হয়। এর মধ্যে ঢাকার আদালতে ১০ হাজার কোটি টাকার একটি মানহানির মামলা হয়। বাকি ১২টি মামলা হয়েছে আটটি জেলায়, যার চারটিতে ২১৫ কোটি ৫০ লাখ টাকার মানহানি হয়েছে বলে উল্লেখ করা হয়।

এর আগে ৯ ও ১১ ফেব্রুয়ারি দুই দিনে হয়েছিল পাঁচটি মামলা। এর মধ্যে গোপালগঞ্জ, খুলনা, কক্সবাজার ও লক্ষ্মীপুরে করা চারটি মামলায় মোট ১১১ কোটি টাকার মানহানি হয়েছে বলে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, ৪ ফেব্রুয়ারি রাতে একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে এক-এগারোর সময় সংবাদ প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের বিচ্যুতির প্রসঙ্গ উল্লেখ করে মাহ্ফুজ আনাম তাঁর পত্রিকায়ও এমন ত্রুটি-বিচ্যুতি হয়েছিল বলে স্বীকার করেন।

এর পরদিন ৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তাঁর তথ্য ও যোগাযোগ-প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে ‘ডেইলি স্টার’-এর সম্পাদকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ তুলে তাঁর (মাহ্ফুজ আনাম) বিচার চান।

এক দিন পর ৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদে কয়েকজন সংসদ সদস্য ‘ডেইলি স্টার’ বন্ধ এবং মাহ্ফুজ আনামের পদত্যাগ ও বিচার দাবি করেন। এর পরদিন থেকে মাহ্ফুজ আনামের বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে।

বেশির ভাগ মামলার অভিযোগও প্রায় একই রকম। অভিযোগে বলা হয়, এক-এগারোর সময় একটি গোয়েন্দা সংস্থার নির্দেশনা বাস্তবায়নে গণতন্ত্রবিরোধী শক্তিকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে মাহ্ফুজ আনাম তাঁর সম্পাদিত পত্রিকায় মিথ্যা ও বিকৃত তথ্য প্রকাশ করেন, যা রাষ্ট্রদ্রোহের শামিল। এ কারণে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে দীর্ঘদিন কারাভোগ করতে হয়। এতে তাঁর দল ও মামলার বাদীদের মানহানি হয়েছে।

সুনামগঞ্জ: মাহ্ফুজ আনামের বিরুদ্ধে সোমবার ১০০ কোটি টাকার মানহানির অভিযোগে সুনামগঞ্জের বিচারিক হাকিম আদালতে মামলাটি করেন যুক্তরাজ্যপ্রবাসী আওয়ামী লীগের নেতা সৈয়দ আবুল কাশেম।

তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামের বাসিন্দা ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। বেলা ১১টায় আমল গ্রহণকারী বিচারিক হাকিম আদালতের (সদর) বিচারক মোহাম্মদ শহিদুল আমিন মামলাটি আমলে নিয়ে পরবর্তী সময়ে আদেশ দেবেন বলে জানিয়েছেন।

নীলফামারী: নীলফামারীর জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে দুই কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে মাহ্ফুজ আনামের বিরুদ্ধে মানহানির মামলাটি করেন ডোমার উপজেলা আওয়ামী লীগের সদস্য ও গোমনাতি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আবদুল হামিদ।

আদালতের বিচারক সামিউল ইসলাম মামলাটি আমলে নিয়ে ৪ এপ্রিলের মধ্যে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন আদালতে জমা দিতে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।

রংপুর: চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে সোমবার দুপুরে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন মণ্ডল ‘ডেইলি স্টার’-এর সম্পাদক মাহ্ফুজ আনামের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেছেন।

রাজশাহী: মাহ্ফুজ আনামের বিরুদ্ধে রাজশাহী মহানগর হাকিম আদালতে মামলাটি করেন মহানগর দায়রা জজ আদালতের পিপি আবদুস সালাম। মামলায় সাক্ষী হয়েছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ আওয়ামী লীগের পাঁচ নেতা।

মামলায় বিবাদীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া ও গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানানো হয়। বিচারক মোকসেদা আজগর মামলাটি আমলে নিয়েছেন।

সিলেট: সোমবার সকালে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ বাদী হয়ে ১৫০ কোটি টাকার মানহানির অভিযোগে মাহ্ফুজ আনামের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

আফসার আজিজ সিলেটের জৈন্তাপুর বিচারিক হাকিম কুদরত-ই-খোদার আদালতে মামলাটি দায়ের করেন। আদালত মামলা গ্রহণ করে ১৫ দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে অধীন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন।

টাঙ্গাইল: টাঙ্গাইল জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মাহ্ফুজ আনামের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির অভিযোগে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।

আদালত মামলাটি আমলে নিয়েছেন। আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আমিনুল ইসলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।

লক্ষ্মীপুর: দুপুরে লক্ষ্মীপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. মনির হোসাইনের আদালতে মাহ্ফুজ আনামের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করা হয়। মামলাটি করেন কমলনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে বিষয়টি আদেশের জন্য রাখেন।

পঞ্চগড়: আমলি আদালত-১ এ ‘ডেইলি স্টার’-এর সম্পাদক মাহ্ফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।

সোমবার দুপুরে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম বি এম তারিকুল কবির বাদীর জবানবন্দি গ্রহণ ও শুনানি করেন। পরে বিচারক বিকেলে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

মহেশখালী (কক্সবাজার ): মাহ্ফুজ আনামের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির অভিযোগ এনে কক্সবাজার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলাটি করেন মহেশখালী পৌরসভার সাবেক মেয়র সরওয়ার আজম ।বিচারক অরুণ পাল মামলাটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিল করার জন্য কক্সবাজার সহকারী পুলিশ সুপারকে (সদর) নির্দেশ দেন।

কুষ্টিয়া: ৫০ হাজার কোটি টাকার মানহানির অভিযোগে মাহ্ফুজ আনামের বিরুদ্ধে কুষ্টিয়া অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলাটি করেন ‘আমরা মুজিব সেনা’ জেলা কমিটির সভাপতি আসাদুল হক সলেমান নামের এক নেতা। তিনি কুষ্টিয়া শহরের বাসিন্দা। শুনানি শেষে বিচারক মোস্তাফিজুর রহমান মামলাটি আমলে নিয়েছেন। আদালত বিষয়টি আদেশের জন্য রেখেছেন।

কুমিল্লা: মাহ্ফুজ আনামের বিরুদ্ধে সোমবার কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে মানহানির মামলা করেছেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্রবিষয়ক সম্পাদক যাদব চন্দ্র রায়।

মামলার বাদীর আইনজীবী সৈয়দ তানভীর আহমেদ ফয়সাল সাংবাদিকদের বলেন, এক-এগারোর সময় ‘ডেইলি স্টার’ পত্রিকায় কোনো ধরনের তথ্য যাচাই না করেই মাহ্ফুজ আনাম জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অসত্য প্রতিবেদন প্রকাশ করেন। এ অপরাধে মাহ্ফুজ আনামের বিরুদ্ধে ছয় মাসের সাজা চেয়ে মামলাটি করা হয়েছে।

ঠাকুরগাঁও: সোমবার দুপুর ১২টার দিকে মাহ্ফুজ আনামের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে মামলা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী। মামলায় তিনি মাহ্ফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনেন।

সাদেক কুরাইশীর আইনজীবী আবদুল হামিদ জানান, আদালত সরকারের অনুমোদন সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ: মাহ্ফুজ আনামের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ বিচারিক হাকিম আদালতে সোমবার মানহানির মামলা করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এজাবুল হক। বিচারক নুর নবী মামলাটি আমলে নিয়ে আগামী ২৮ এপ্রিল মাহ্ফুজ আনামকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।

খাগড়াছড়ি: খাগড়াছড়ি বিচারিক হাকিমের আদালতে সোমবার মাহফুজ আনামের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি টেকো চাকমা।

বাদীর আইনজীবী নজরুল ইসলাম বলেন, মাহ্ফুজ আনামের বিরুদ্ধে খাগড়াছড়ির জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে ১০ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে ১৬ মার্চ মাহ্ফুজ আনামকে সশরীরে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন।

মৌলভীবাজার: মাহ্ফুজ আনামের বিরুদ্ধে মৌলভীবাজার জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক তারেক আহমদ চৌধুরী বাদী হয়ে ১০ কোটি টাকার মানহানির মামলা করেন।

তাঁর আইনজীবী প্রণব কান্তি দাশ বলেন, আদালত আগামী ২২ মার্চের মধ্যে মামলার বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দিতে সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

নাটোর: নাটোরের এক আদালতে ৫০ কোটি টাকার মানহানির একটি মামলা করেন সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলেক শেখ। আদালত শুনানি শেষে অভিযোগ আমলে নেন এবং মাহ্‌ফুজ আনামকে আগামী ৩০ মার্চ আদালতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করেন।

কুড়িগ্রাম: রাষ্ট্রদ্রোহ ও মানহানি-উভয় অভিযোগে কুড়িগ্রামের আদালতে মামলা করেছেন জেলা যুবলীগের আহ্বায়ক রুহুল আমিন (দুলাল)। আদালত সরকারের অনুমোদন সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিতে সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

কেবি