সম্প্রচার নীতিমালা প্রসঙ্গে টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, ‘যারা সম্প্রচার নীতিমালা নিয়ে সমালোচনা করে তাদের কথা শুনলে আমার হাসি পায়। এটা নীতিমালা, কোনো আইন নয়। তাই আপনারা এ নীতিমালা মানতেও পারেন, নাও পারেন।’

রোববার সকালে নগরীরর শেরে বাংলানগর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আইসিটি বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ ইনফরমেশন টেকনোলজি, প্রফেশনাল, এক্সামিনেশন সেন্টার‘র (আইটিপিইসি) সদস্যপদ গ্রহণ করায় এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, ‘সম্প্রচার নীতিমালায় কারও হাত পা বাধা নেই। এটা তো আইন নয়, নীতিমালা মাত্র। সমালোচনা করার জন্যই এ নীতিমালার বিরোধীতা করা হচ্ছে। শাপলা চত্ত্বর নিয়ে অনেক পত্রিকায় লেখা হয়েছিল সেখানে নাকি অনেক মানুষকে হত্যা করা হয়েছিল। কিন্তু আজও কোনো থানায় দেখলাম না কেউ একটা অভিযোগ করেছে। তাই এসব পত্রিকাকে কাঠামোর মধ্যে নিয়ে আসতে নীতিমালা করা হচ্ছে। স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়।’

সম্প্রচার নীতিমালার বিরোধীতাকারীদের সমালোচনা করে মন্ত্রী বলেন, অনেকে না যেনে সম্প্রচার নীতিমালার সমালোচনা করছে। কিন্তু এ নীতিমালার মাধ্যমে গণমাধ্যমকে একটি নিয়মের মধ্যে আনা হচ্ছে মাত্র। অনিয়ম করে বেশিদিন চলা যায় না।’

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা আমাদের শত্রু নয়। আমি সাদাকে সাদা বলি এবং কালোকে কালো বলি এই জন্য অনেক সাংবাদিক আমাকে তাদের শত্রু মনে করেন।’

দেশে হত্যা ও খুন প্রসঙ্গে মন্ত্রী বলেন, পৃথীবির এমন কোনো দেশ নেই যেখানে খুন হয় না। তথ্য প্রযুক্তির কারণে খুনের চিত্রটা ফলাও করে সামনে আনা হচ্ছে।’

তিনি আরো বলেন, কিছু বৈজ্ঞানিক সমাজতন্ত্রী সিআইএ’র এজেন্ট হিসেবে কাজ করছে। তাদের ঘোলা পানিতে মাছ শিকারের জন্যই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। এরা আজকে দেশের অগ্রগতির কথা বলে না, গণতন্ত্রের কথা বলে। গণতন্ত্রের অনেক রূপ আছে, গণতন্ত্র হাওয়াই মিঠাই নয়।’

‘আমরা অনেকে অবৈধ কাজ করছি। যারা ৫ জানুয়ারির নির্বাচনকে অবৈধ বলছে তারাও অনেক অবৈধ কাজ করছে। ৫ জানুয়ারির নির্বাচন ভোটারবিহীন নয়, প্রার্থীবিহীন ছিল।

সংবাদ সম্মেলনে আরো উপোস্থিত ছিলেন, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক, আইসিটি বিভাগের সচিব নজরুল ইসলাম খান প্রমুখ।

ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ