আম,জাম,কাঠাল,লিচুসহ ফরমালিন মুক্ত ২৩ রকম ফল নিয়ে মধুমাস জ্যৈষ্ঠ্যের বিদায় মুহূর্তে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ফল উৎসবের উদ্বোধন করেছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
রোববার আষাঢ়ের প্রথম দিন সকাল থেকেই ঢাকা রিপোর্টার্স ইউনিটির(ডিআরইউ) ক্যান্টিনে সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে সুস্বাদু ও রসালো সব ফলের জমজমাট এই উৎসব।
উৎসবে আসা পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ফলের জন্য বাংলাদেশের বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। কিন্তু দেশীয় ফলের যে আলাদা বৈশিষ্ট্য ও স্বাদ রয়েছে তা আমরা ভুলে যাই। আজকের এই ফরমালিনমুক্ত ফলউৎসব অবশ্যই গুরুত্ব বহন করে।
তিনি বলেন, জাতীয় প্রেস ক্লাব সাংবাদিক এবং জাতীয় ঐক্যের প্রতীক ছিল। আজকে সেই প্রেস ক্লাবেও দেখছি বিভেদ শুরু হয়েছে। রাজনৈতিক ভেদাভেদ ভুলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি যেভাবে এগিয়ে যাচ্ছে আগামীতেও আশা করি আপনারা এগিয়ে যাবেন। আপনারা কোনো বিভাজনে জড়াবেন না।
তিনি ডিআরইউ সদস্যদের নিয়ে বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ডিআরইউকে সব ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।
ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশাহর সভাপতিত্বে ফল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ারুল ইসলাম, ডিআরইউ’র সাবেক সভাপতি শাহেদ চৌধুরী, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক শাবান মাহমুদ ডিআরইউ সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেনসহ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত পেশাদার সাংবাদিক এবং তাদের পরিবারের সদস্যরা এ উৎসবে যোগ দিয়েছেন।
এমএ





