ভারতের মঙ্গল মিশন নিয়ে ব্যঙ্গ কার্টুন প্রকাশ করার পর ব্যাপক সমালোচনার মুখে আনুষ্ঠানিক ক্ষমা চাইলো নিউইয়র্ক টাইমস। ‘ইন্ডিয়া’স বাজেট মিশন টু মার্স’ শীর্ষক একটি নিবন্ধের সঙ্গে কার্টুনটি ছাপা হয়। সোমবার বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
কার্টুনটিতে দেখানো হয়েছে, একজন কৃষক গরু নিয়ে ‘এলিট স্পেস ক্লাব’ লেখা একটি ঘরের দরজায় কড়া নাড়ছেন। ওই ঘরের ভেতরে বসে দুই ব্যক্তি ভারতের মঙ্গল মিশনের সফলতার খবর পড়ছেন।
মঙ্গোলিয়ান হলো ভারতের প্রথম মহাকাশযান। এটি প্রথম উড্ডয়নেই মঙ্গলের কক্ষপথে সফলভাবে পৌঁছে ইতিহাস সৃষ্টি করে। এর যথাযথ প্রমাণও দিয়েছে ভারত।
ভারতের এই মঙ্গল মিশনে খরচ হয়েছে চার দশমিক পাঁচ বিলিয়ন রুপি। এ পর্যন্ত যতগুলো আন্তমহাকাশ মিশন পাঠানো হয়েছে, তার মধ্যে ভারতের মঙ্গল মিশন সবচেয়ে কম ব্যয়ে সম্পন্ন করা গেছে।
এর আগে মঙ্গল মিশনে সফলভাবে মহাকাশযান পাঠায় যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়ন। তবে কেউ-ই প্রথম পদক্ষেপে সফলতা পায়নি, ভারত যা পেয়েছে।
নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকীয় পাতার সম্পাদক অ্যান্ড্রিউ রসেনথাল তার ফেসবুক পাতায় লিখেছেন, ভারতের মঙ্গল মিশন নিয়ে কার্টুন প্রকাশ করায় অসংখ্য পাঠক অভিযোগ পাঠিয়েছেন।
তিনি আরও জানান, কার্টুনিস্ট হেং কিম সং কার্টুনটিতে বোঝাতে চেয়েছেন, মহাকাশে বিস্তার লাভ করা এখন আর শুধু ধনীদের অর্থাৎ পশ্চিমাদের বিষয় নয়।
তবে পাঠকদের দাবি, ভারত সরকার বা এর নাগরিকদের নিন্দামূলক সমালোচনা করার কোনো অধিকার কার্টুনিস্টের নেই।
এআর





