চিকিৎসকদের বিচার করা না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকি দিলেন টিভিক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন (টিসিএ)।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্প্রতি দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে  সাংবাদিকদের ওপর চিকিৎসকদের হামলার নিন্দা ও প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে সংগঠনটির নেতারা এ হুমকি দেন।
মানববন্ধনে বক্তারা বলেন, যে সকল ডাক্তারদের হাতে মানুষের অন্যতম মৌলিক অধিকার চিকিৎসা সেবা নির্ভর করে তাদের হাতেই যদি রড, হকিস্টিক, কিংবা অস্ত্র থাকে তাহলে সংবাদকর্মীরা কিভাবে তাদের সন্ত্রাসী না বলে চিকিৎসক বলবে? তারা সংবাদকর্মীদের ওপর হামলায় মেতে উঠে। সত্য প্রকাশে বাধা দেয়। আর তাদের অপকর্ম তুলে ধরতে গেলেই তারা এসব হামলায় মেতে উঠেন।
তারা বলেন, এক শ্রেণির চিকিৎসকের হেয়ালীপনায় চিকিৎসা সেবা দিন দিন মারাত্মক হুমকির মুখে পড়ছে। যেগুলো প্রতিদিনই সংবাদ মাধ্যমগুলোতে উঠে আসছে। এখনই এসব মারমুখি চিকিসৎকদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ভবিষ্যতে সাধারণ জনগণকে তাদের কাছে জিম্মি হতে হবে।
এসময় স্বাস্থ্যমন্ত্রীর উদ্দেশ্যে তারা বলেন, সংবাদকর্মীদের ওপর যেসব চিকিৎসক হামলা চালিয়েছে তাদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করুন। অন্যথায় আমরা সাংবাদিক মহল বৃহত্তর আন্দোলনে যাব।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের নেতৃবন্দসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবন্দ।
[b]ঢাকা, ২৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]