বন্ধ মিডিয়া খুলে দেওয়াসহ সাত দফা দাবিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এক অংশের সভাপতি শওকত মাহমুদ বলেছেন, ‘সরকার ক্ষমতায় থাকতে গণহত্যা চালাচ্ছে। তারা দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চায়। কিন্তু এভাবে তাদের ক্ষমতায় থাকার অপচেষ্টা দূরাশায় পরিণত হবে।’
জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে বৃহস্পতিবার দুপুরে এক অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন। বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এ কর্মসূচির আয়োজন করে।
শওকত মাহমুদ বলেন, ‘সরকার পুলিশ, র্যাব, বিজিবি দিয়ে রাজনীতি করছে। এটা কোন গণতন্ত্র হতে পারে না। দেশে কেউ নিরাপদ নয়।’
তিনি বলেন, ‘আন্দোলন দমনের নামে ক্রসফায়ার দিয়ে রাজনৈতিক নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে। সাংবাদিকদের গ্রেফতার ও রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে। রাস্তায় প্রতিবাদ জানাতে না পেরে গাছে উঠে কেউ প্রতিবাদ করলে তাকেও ধরে নিয়ে যাওযা হচ্ছে। দেশে বর্তমানে শুধু রাজনেতিক সংকট নয়, রাষ্ট্রনীতির সংকট চলছে।’
অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন, সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী, বিএফইউজে মহাসচিব এমএ আজিজ, ডিইউজে সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ।
এমকে





