বেফাঁস মন্তব্যের জন্য সংবাদকর্মীদের কাছে ক্ষমা চাইলেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সিলেট প্রেসক্লাবে এসে সাংবাদিকদের সঙ্গে দেখা করে অশ্রাব্য বক্তব্যের জন্য ক্ষমা চান তিনি।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, আমি একসময় বাংলাদেশ টাইমসের সাংবাদিক ছিলাম, কাজেই সাংবাদিকদের সঙ্গে আমার বরাবরই সখ্যতা ছিল।

তিনি বলেন, মানুষ মাত্রই ভুল হয়। সাংবাদিকের কলমের চাবুকে অনেক সময় ভুল সংশোধন হয়। এই চাবুক বুলেটের আঘাতের চেয়েও শক্তিশালী।

মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে হলে স্বাধীনতার পক্ষের সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে অপসাংবাদিকতা প্রতিহত করারও আহ্বান জানান তিনি।

সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের পরিচালনায় সেখানে উপস্থিত ছিলেন-সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।

অনুষ্ঠানে সিলেটের সিনিয়র সাংবাদিক ও বিভিন্ন প্রতিনিধিত্বশীল জাতীয় ও স্থানীয় পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

৯ আগস্ট সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আদিবাসী দিবস উপলক্ষে সিলেট বিভাগীয় আদিবাসী উদযাপন কমিটি এক আলোচনা সভায় মন্ত্রী সাংবাদিকদের ‘খবিশ’ ও ‘চরিত্রহীন’ গালিসহ অশ্রাব্য গালি দিয়ে তোপের মুখে পড়েন তিনি।

বেফাঁস মন্তব্যের পর উপস্থিত সাংবাদিকেরা অনুষ্ঠান বয়কট করেন। পরে সিলেটে সমাজকল্যাণমন্ত্রীর সব ধরনের অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নেয় সিলেট প্রেসক্লাব।

জেএ