জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২৪ অক্টোবর ‘মিডিয়া ডে’অনুষ্ঠিত হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে শনিবার বিকালে সংবাদ সম্মেলন থেকে জাবির মিডিয়া সোসাইটি এ ঘোষণা দেয়।

সংবাদ সম্মেলনে জাবি মিডিয়া সোসাইটির আহবায়ক ও বিশিষ্ট অভিনেতা শহীদুজ্জামান সেলিম দিবসটি পালনে বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন।

তিনি বলেন, সারাদেশ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫০০ গণমাধ্যমকর্মী এই উৎসবে যোগ দেবেন। সকাল ১০টায় শোভাযাত্রার মাধ্যমে এই উৎসব কর্মসূচি শুরু হবে। ১১টায় জহির রায়হান মিলনায়তনের সেমিনার হলে সম্মেলনের আয়োজন করা হবে। বিকাল সাড়ে ৩টায় নবনির্বাচিত কমিটির পরিচিতি ও সাংস্কৃতিক পরিবেশনা এবং সূর্যাস্তের সময় মঙ্গলপ্রদীপ প্রজ্জলন ও ফানুস ওড়াবেন সোসাইটির কর্মীরা।

সংবাদ সম্মেলনে সংগঠনের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর মিডিয়া সোসাইটির যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, সদস্য সচিব শেখ এহসানুর রহমান, ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেইন প্রমুখ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে এ বছর ২৩ মে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আত্মপ্রকাশ করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি মিডিয়া সোসাইটি। এতে বিভিন্ন টেলিভিশনের প্রযোজক, নির্মাতা, সংগীতশিল্পী, সাংবাদিক, উপস্থাপক, নাট্যকারসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা যুক্ত রয়েছেন।

ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ