বেসরকারি টিভি চ্যানেল ‘৭১ টিভি’র লাইভ টকশো থেকে উঠে চলে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. দিলারা চৌধুরী।
৭১ টিভির শনিবার রাত ৮টার টকশোতে অংশ নিয়েছিলেন তিনি। টকশোর এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে টকশো থেকে চলে যান তিনি।
এর আগে, একই টকশোতে নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভী এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের মধ্যেও উত্তপ্ত বাক্য বিনিময় হয়।
শনিবার টকশোর এক পর্যায়ে দিলারা চৌধুরী দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে উদ্দেশ্য করে বলেন, এমন সমস্ত লোক এখনও ক্ষমতায় আছেন আওয়ামী লীগে, তারা মোশতাকের ক্যাবিনেটের সদস্য ছিলেন। তাদের কথা বলেন, যে তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, পারবেন তাদের নাম বলতে?
এমন প্রশ্নের জবাবে শ্যামল বলেন, অবশ্যই আছে। দিলারা ফের তাকে তাদের নাম বলতে বললে শ্যামল দত্ত হেসে বলেন, আমিতো ইয়াহিয়া ক্যাবিনেটে কারা ছিল তাদের নামও বলব আপা…
দিলারা চৌধুরী বলেন, হ্যাঁ, ইয়াহিয়া ক্যাবিনেটে আমার হাজব্যান্ড ছিল।
এরপর তিনি বলেন, আমি বলেছি, যে সমস্ত সদস্যরা মোশতাকের ক্যাবিনেটে ছিল তাদের নাম বলেন। তার সঙ্গে ইয়াহিয়ার ক্যাবিনেটের সদস্যদের নাম বলার কী সম্পর্ক আছে?
এক পর্যায়ে ড. দিলারা চৌধুরী বলেন, ৭১ টেলিভিশনে কোনো একাডেমিশিয়ান, কোনো ভদ্রলোক আলোচনায় অংশ নিতে আসতে পারে না।
৭১ টেলিভিশনের দায় সম্পর্কে সঞ্চালক জিজ্ঞেস করলে দিলারা চৌধুরী বলেন, একাত্তর টেলিভিশনের উপস্থাপকের রোল তো মডারেট করা। মডারেট করতে গিয়ে অনেককে অনেক কিছু চান্স দিয়ে দিচ্ছেন।
এরপর একপেশে অনুষ্ঠান পরিচালনার অভিযোগ এনে লাইভ টকশো থেকে বের হয়ে আসেন। এরপর সঞ্চালক বিরতিতে যান।
ঢাকা, ২৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ





