[b]ঢাকা:[/b]‘দৈনিক ইনকিলাব’ পত্রিকা খুলে দেওয়া এবং গ্রেফতারকৃত সাংবাদিকদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ।
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি-জামায়াতপন্থি সাংবাদিক সংগঠন দু’টি এ বিক্ষোভ সমাবেশ করে।
সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, যেসব সংবাদমাধ্যম জনগণের কথা বলে, সত্য ঘটনা উন্মোচন করে, সরকার সেসব সংবাদমাধ্যম কৌশলে বন্ধ করে দিচ্ছে। এর সর্বশেষ শিকার ‘দৈনিক ইনকিলাব’।
বিভিন্ন সংবাদমাধ্যমের উদ্দেশ্যে তারা বলেন, আপনারা জনগণের পক্ষ নিয়ে জনগণের কথা লিখুন। না হলে জনগণও আপনাদের ত্যাগ করবে।
এ সময় সাংবাদিক নেতারা সংবাদকর্মীদের একত্রিত হয়ে বন্ধ হয়ে যাওয়া সংবাদমাধ্যম খুলে দেওয়ার দাবিতে দেশব্যাপী আন্দোলন করার আহ্বান জানান।
বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- সংগঠনের মহাসচিব শওকত মাহমুদ, ডিইউজের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সহকারী সম্পাদক সৈয়দ আলী আকবর, সিনিয়র সহ সভাপতি নুরুল আমিন রোকনসহ অনেকে।